চট্টগ্রামের ফটিকছড়িতে মুখোশধারী দুর্বৃত্তদের প্রকাশ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে পথচারী ও ব্যবসায়ীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে নাজিরহাট পৌরসভার চুঁরখারহাট বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় লোকজন অটোরিকশাচালককে আটক করতে সক্ষম হলেও অস্ত্রধারীরা পালিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পাঁচজন দুর্বৃত্ত সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি এলাকা থেকে চুঁরখারহাট বাজারে আসে। তাদের কয়েকজনের মুখে মাস্ক ও মাথায় মাংকি টুপি ছিল। বাজারের মাজার গেটের সামনে পৌঁছেই অটোরিকশায় বসে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। পরে অটোরিকশাটি নিয়ে চৌমুহনী মোড়ের দিকে চলে যায়। সেখানেও কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে পালিয়ে যায় তারা।
গুলিবর্ষণে আহত ব্যক্তিরা হলেন—জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তাঁরা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে, ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে অটোরিকশাচালককে আটক করেন। আটক চালকের নাম মো. জাবেদ হোসেন। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে।
আটক জাবেদ হোসেনের ভাষ্য অনুযায়ী, নাজিরহাটের ঝংকার মোড় থেকে শোভনছড়ি যাওয়ার কথা বলে দুই ব্যক্তি তাঁর অটোরিকশা ভাড়া করেন। পরে শোভনছড়ি থেকে আরও তিনজন তাঁদের সঙ্গে যুক্ত হন। পাঁচজনকে নিয়ে চুঁরখারহাট বাজারে পৌঁছানোর পর অটোরিকশায় বসেই তাঁরা গুলি ছুড়তে শুরু করেন। ওই পাঁচজনের সবার কাছেই অস্ত্র ছিল বলে দাবি করেন তিনি।
প্রত্যক্ষদর্শী মুহাম্মদ হাসান বলেন, ‘অটোরিকশায় করে এসে দুর্বৃত্তরা বাজারের মোড়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে অন্তত ছয়জন গুলিবিদ্ধ হন। ঘটনার পর স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে চালককে আটক করলেও অস্ত্রধারীরা পালিয়ে যায়।’
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক চালক পুলিশের হেফাজতে রয়েছেন। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। আমি বর্তমানে ঘটনাস্থলে রয়েছি; এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’
পড়ুন : বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান


