এক মাসে দুইবার দণ্ড: কেন্দুয়ার হিমালয় ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

মোটরসাইকেল কিংবা যেকোনো যানবাহনে জ্বালানি নিতে গিয়ে একজন সাধারণ ক্রেতা পাম্পের ডিজিটাল মিটারের দিকেই তাকিয়ে থাকেন। মিটারের সংখ্যা আর ট্যাংকে ঢোকা জ্বালানির পরিমাণ সমান হবে- এটাই সাধারণ মানুষের আস্থার জায়গা। তবে নেত্রকোনার কেন্দুয়া পৌর সদরের হিমালয় ফিলিং স্টেশনকে কেন্দ্র করে সেই আস্থা ও প্রশাসনিক তদারকির বিষয়টি এখন নতুন বিতর্কের মুখে দাঁড়িয়েছে। এক মাসের ব্যবধানে একই প্রতিষ্ঠানে দুবার ভ্রাম্যমাণ আদালতের জরিমানা এবং তা নিয়ে প্রশাসন ও মালিকপক্ষের বিপরীতমুখী অবস্থানে তৈরি হয়েছে নানা কৌতূহল।

গত মাসেই পরিমাপে তেল কম দেওয়ার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা গুনেছিল হিমালয় ফিলিং স্টেশন। সেই রেশ কাটতে না কাটতেই সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আবারও সেখানে হাজির হয় ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সঙ্গে ছিলেন বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এবারের অভিযানে জরিমানার অঙ্ক বেড়ে দাঁড়িয়েছে এক লাখ টাকায়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরীর বক্তব্যে উঠে এসেছে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ। তার ভাষ্য অনুযায়ী, স্টেশনটির ছয়টি পাম্পের মধ্যে তিনটিতে নির্ধারিত পরিমাণের চেয়ে কম তেল সরবরাহ করার প্রমাণ মিলেছে। এর বাইরেও ফায়ার লাইসেন্স হালনাগাদ (নবায়ন) না থাকা এবং ভূগর্ভস্থ স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন সনদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়েছে। এসব অনিয়মের দায়ে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৯ ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

তবে প্রশাসনের দাবি মানতে নারাজ হিমালয় ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান। তার দাবি, অভিযানের সময় কোনো পাম্পেই পরিমাপে তেল কম পাওয়া যায়নি। কাগজপত্রের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ২০২৭ সাল পর্যন্ত নবায়ন করা আছে এবং ফায়ার লাইসেন্স নবায়নের প্রক্রিয়াও চলমান।

এই পরিস্থিতিতে এক লাখ টাকা জরিমানাকে ‘বেআইনি ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেছেন তিনি। একই সঙ্গে স্থানীয় বাজার ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন এই ব্যবসায়ী। তার অভিযোগ, বিভিন্ন বাজারে অবৈধভাবে পেট্রোল ও ভেজাল জ্বালানি তেল বিক্রি হলেও সেখানে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দেখা যায় না; অথচ নিয়মিত সরকারকে রাজস্ব দেওয়া তার বৈধ প্রতিষ্ঠানের ওপর বারবার খড়্গ নামছে।

অভিযানের পর সাধারণ মানুষ ও সচেতন মহলের কাছে বিষয়টি কেবল জরিমানার ঘটনায় সীমাবদ্ধ নেই; বরং এর আইনি প্রক্রিয়া নিয়েও আলোচনা চলছে। আইন বিশেষজ্ঞদের বিশ্লেষণে উঠে এসেছে, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারায় নির্ধারিত পরিমাণের চেয়ে কম পণ্য সরবরাহ করাকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এই অপরাধের শাস্তির বিধান রয়েছে আইনটির ৪৬ ধারায়, যেখানে সর্বোচ্চ এক লাখ টাকা অর্থদণ্ডের কথা বলা আছে। অন্যদিকে, বৈধ ক্যালিব্রেশন সনদ ছাড়া বাণিজ্যিক পরিমাপযন্ত্র ব্যবহার করলে ৪৮ ধারায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, আইনের সঠিক প্রয়োগ ও স্বচ্ছতা নিশ্চিত করতে দুটি দালিলিক প্রমাণ এখন অত্যন্ত জরুরি। প্রথমত, এক লাখ টাকা জরিমানার ক্ষেত্রে কোন অপরাধের জন্য কত টাকা দণ্ড আরোপ করা হয়েছে, তা ভ্রাম্যমাণ আদালতের লিখিত আদেশে সুস্পষ্টভাবে উল্লেখ থাকা প্রয়োজন। দ্বিতীয়ত, তিনটি পাম্পে কম তেল পাওয়ার প্রশাসনিক বক্তব্য এবং মালিকপক্ষের সরাসরি অস্বীকৃতির মধ্যকার বিরোধ মেটাতে বিএসটিআইয়ের আনুষ্ঠানিক পরিমাপ প্রতিবেদনটি সামনে আসা গুরুত্বপূর্ণ।

হিমালয় ফিলিং স্টেশনের বিরুদ্ধে গ্রাহক ঠকানোর অভিযোগ মোটেও নতুন নয়; এটি যেন তাদের অলিখিত নিয়ম। নথিপত্র ঘেঁটে দেখা যায়, চলতি বছরেরই ৩ মার্চ (মঙ্গলবার) সকাল ১১টায় বিএসটিআইয়ের নিয়মিত অভিযানে ঠিক একই অপরাধে ধরা পড়েছিল তারা। সেদিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এবং বিএসটিআই পরিদর্শক মেহের আফফানের উপস্থিতিতে অভিযানটি পরিচালিত হয়।

তখন প্রতি ১০ লিটারে ৫০০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ মিলেছিল। ওজন ও পরিমাপ মানদণ্ড আইনের ২৯ ধারা লঙ্ঘনের দায়ে ৪৬ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করে তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছিল। সেদিন পাম্পের ম্যানেজার গোলাম মাওলা দাবি করেছিলেন, ‘মিটার ইনস্টলেশনজনিত কারিগরি ত্রুটির’ কারণেই সমস্যা হয়েছে এবং দ্রুত তা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিএসটিআইও মিটার ক্যালিব্রেশনের নির্দেশ দিয়েছিল। কিন্তু আট মাসের মাথায় অক্টোবরের অভিযানে দেখা গেল, ত্রুটি তো সারেইনি, বরং কারচুপির মাত্রা আরও বেড়েছে।

এমন অনিয়মের শেকড় আরও পুরোনো। ২০২১ সালের ২৩ জুন (বুধবার) বিকেলে গ্রাহকদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহের তৎকালীন বিএসটিআই কর্মকর্তা জয়দেব রাজবংশী অভিযান চালিয়ে এখানে তেল কম দেওয়ার সত্যতা পেয়েছিলেন। পরদিন ২৪ জুন তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খবিরুল আহসান পাম্পের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং সাত দিনের মধ্যে ত্রুটিপূর্ণ যন্ত্রটি পরিবর্তনের নির্দেশ দেন। কিন্তু অবস্থার যে কোনো পরিবর্তন হয়নি, তা সাম্প্রতিক অভিযানগুলোই প্রমাণ করছে।

ভোক্তার স্বার্থ রক্ষা যেমন প্রশাসনের দায়িত্ব, তেমনি আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করাও ন্যায়বিচারের অন্যতম শর্ত। হিমালয় ফিলিং স্টেশনের সাম্প্রতিক অভিযান ঘিরে তাই এখন দুটি মৌলিক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে- পাম্পগুলোতে আসলে কতটুকু জ্বালানি কম পাওয়া গিয়েছিল এবং এক লাখ টাকা জরিমানার অঙ্কটি ঠিক কোন হিসাবে নির্ধারণ করা হয়েছে?

বিজ্ঞাপন

পড়ুন : বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন