নভেম্বরে ১২১ ককটেল বিস্ফোরণ ও ৯৯ যানবাহনে অগ্নিসংযোগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চলতি নভেম্বর মাসে এখন পর্যন্ত সারাদেশে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণ এবং গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনে ৯৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনায় ৬২টি মামলা ও ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের পাশাপাশি ১০০ জনকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এসব তথ্য তুলে ধরেন।

ব্রিফিংয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর তৎপরতার চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে সারাদেশে ৭২টি ঝটিকা মিছিল বের করা হয়েছে। এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি জিডি হয়েছে এবং ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে তারা কোনো ঝটিকা মিছিল করতে পারেন না। এ ধরনের কর্মকাণ্ড বেআইনি। সে কারণে তাদের বিরুদ্ধে মামলা হবে এবং তারা গ্রেফতার হবেন।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার পরিসংখ্যান দিয়ে ডা. জাহেদ উর রহমান জানান, এখন পর্যন্ত পুলিশের স্থাপনায় চারটি হামলা, ২৮টি পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশের স্থাপনা বা গাড়িতে চারটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব হামলায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন; যার প্রেক্ষিতে একটি মামলা ও চারজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনায় দুটি মামলা এবং ১১ জনকে গ্রেফতারের তথ্যও দেন তিনি।

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “এ বিষয়ে পুলিশের কাছে থাকা তথ্যের চেয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্য বেশি রয়েছে। পুলিশের তথ্য সংগ্রহ ও প্রকাশের একটি প্রক্রিয়া আছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলার ঘটনা ঘটেছে। আর ড. মুহাম্মদ ইউনূস দাবি করেছেন, প্রায় ১০০টি শাখায় হামলা হয়েছে।”

রাজনৈতিক সহিংসতায় প্রাণহানি ও স্থাপনায় হামলার বিষয়ে তিনি জানান, বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় দলটির চারজন কর্মী নিহত হয়েছেন। পাশাপাশি গোপালগঞ্জে সংসদ সদস্যসহ অনেক নেতাকর্মীর বাড়ি ও একটি হাসপাতালে অগ্নিসংযোগ করা হয়েছে।

হাসপাতালে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, “এটি কোনো যুদ্ধ নয়। এমনকি যুদ্ধের মধ্যেও পরিকল্পিতভাবে হাসপাতালে হামলা করা হলে তা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হয়। একজন সংসদ সদস্যের হাসপাতালেও অগ্নিসংযোগ করা হয়েছে।” আওয়ামী লীগের পক্ষ থেকে দেশে ধারাবাহিকভাবে এ ধরনের তাণ্ডব চালানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি জানান, ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি এই চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। একই দিনে শেষ হবে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ১০ দিনের চক্রে পানি বণ্টন সংক্রান্ত চুক্তির মেয়াদও।

এ বিষয়ে সরকারের পদক্ষেপ তুলে ধরে জাহেদ উর রহমান বলেন, “বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। এ বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ একটি কমিটি গঠন করেছে। ভারতকেও একই ধরনের কমিটি গঠন করে প্রথম বৈঠকের আয়োজনের অনুরোধ জানানো হয়েছে।” তিনি আরও জানান, এ বিষয়ে গত ১৭ নভেম্বর বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী ভারতের জনশক্তিমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছেন।

পড়ুন : প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে ফিরতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন