প্রত্যর্পণ প্রক্রিয়া ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরে আসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বিদেশি কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
ব্রিফিংয়ের শুরুতে আমন্ত্রিত বিদেশি প্রতিনিধিদের সামনে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরা হয়। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “সন্ত্রাসীদের বিষয়ে বাংলাদেশের মানুষে যে অবস্থান, সেটি বিদেশিদের জানানো হয়েছে।”
আগুন সন্ত্রাস ও জনগণের মনোভাব প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আগুন সন্ত্রাসের কারণে বাংলাদেশের মানুষ আতঙ্কিত হচ্ছে না, বরং সন্ত্রাসীদের নিয়ে মানুষ কঠোর অবস্থানে রয়েছে।”
শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত আলোচনা ও বিভিন্ন লেখালিখির প্রসঙ্গ টেনে হুমায়ুন কবির বলেন, “মনের জ্বালায় পয়সা দিয়ে মানে হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা দুই জিনিস। আপনাকে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে।”
তিনি আরও যোগ করেন, “বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খাটে ঘুমাইয়া দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নের মধ্যে দেখে আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি।”
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়ার বিষয়ে স্পষ্ট অবস্থান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “তিনি (শেখ হাসিনা) সাধারণ বাণিজ্যিক যাত্রী নন।” তিনি বলেন, “আসলে তাকে (শেখ হাসিনা) কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।”
উল্লেখ্য, এই কূটনৈতিক ব্রিফিংয়ে চীন, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতসহ দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া ও ইউরেশিয়ার প্রায় ৬০টি মিশনের প্রধান এবং জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ছাড়াও আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত ছিলেন।
পড়ুন : পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ডের সভা আজ
সা/


