দেশের বাজারে স্বর্ণের দাম আরও এক দফা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি এ তথ্য জানায়, যা আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভ্যাটসহ এই নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বাজুস।
সমন্বয়কৃত নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের ভ্যাটসহ দর দাঁড়িয়েছে- ২২ ক্যারেট ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা,২১ ক্যারেট ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা, সনাতন পদ্ধতি ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা।
বাজুসের নির্দেশনা অনুযায়ী, অলঙ্কারের ডিজাইন ভেদে মজুরি যুক্ত হবে। তবে স্বর্ণালঙ্কার ও রৌপ্যালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে; তবে উভয় ক্ষেত্রেই আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে।
উল্লেখ্য, এর ঠিক একদিন আগে গত ২৩ নভেম্বরও স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি সে সময় ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়, যা ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে কার্যকর ছিল।
পড়ুন : নভেম্বরে ১২১ ককটেল বিস্ফোরণ ও ৯৯ যানবাহনে অগ্নিসংযোগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সা/


