ময়মনসিংহে শুরু হলো ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে শুরু হয়েছে নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে নগরীর টাউন হল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় এবং জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত এ বইমেলায় ৮টি সরকারি ও ৬৫টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৭৩টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রুকন, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক আব্দুর রব মোশাররফ প্রমূখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেন, ‘একটি জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার বিকল্প নেই। বই আমাদের পরম বন্ধু। এই বন্ধুকে জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গ্রহণ করতে পারলে একটি প্রগতিশীল সমাজ গড়ে উঠবে। যা তথ্যভিত্তিক ও শক্তিশালী রাষ্ট্র গঠনের মূল ভিত্তি হিসেবে কাজ করবে।’

আয়োজকরা জানান, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।

মেলার অংশ হিসেবে ২৫ নভেম্বর কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, ২৬ নভেম্বর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ২৭ নভেম্বর কচিকাঁচার উৎসব এবং ২৮ নভেম্বর রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২৯ নভেম্বর কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, ১ ডিসেম্বর স্থানীয় কবিদের স্বরচিত কবিতা পাঠ এবং ২ ডিসেম্বর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন রয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, ময়মনসিংহ বিভাগের পাঠক, লেখক, কবি ও সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হবে এবারের বইমেলা। একই সঙ্গে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা বাড়ানো এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

পড়ুন : বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন