গাজীপুরের শ্রীপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দফায় দফায় শিল্প কারখানার শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার( ২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড, শ্রীপুর আঞ্চলিক সড়কের ফখরুদ্দিন মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় দুই ঘন্টা এ রোডে যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ৪ টার দিকে শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় মহাসড়ক অবরোধ করতে আসেন শ্রমিকরা। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের মহাসড়ক অবরোধ করতে নিষেধ করেন। এসময় পুলিশের সঙ্গে তাদের বাগবিতন্ডা হয়। বেতন বাড়ানোর দাবি জানিয়ে শ্রমিকরা বিভিন্ন ধরনের স্লোগান দেন। বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন।
এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন শ্রমিকরা। পুলিশ আত্মরক্ষার্থে সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল ছুড়ে তাদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। ধাওয়া খেয়ে তারা মহাসড়কের আশপাশের গলি, আঞ্চলিক সড়কে অবস্থান নেন। পরে আঞ্চলিক সড়কে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ফের ইটপাটকেল ছুড়তে থাকেন। এসময় পুলিশও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ধাওয়া দেয়।
শ্রমিকরা পুলিশের মুখোমুখি অবস্থান নিয়ে ঢিল ছুড়তে থাকেন। একপর্যায়ে দীর্ঘ দুই ঘন্টা পর পিছু হটেন তারা। এসময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে কয়েক কিলোমিটার নিয়ে যায়। সংঘর্ষ চলাকালীন সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় এলাকা। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সন্ধ্যা ৬ টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।
এ বিষয়ে গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।
পড়ুন : পায়রার ভাঙনে তেঁতুলবাড়িয়া, ঝুঁকিতে জনপদ


