জেন্ডার স্টেরিওটাইপ বা প্রচলিত জেন্ডারভিত্তিক ধারণা ভাঙা এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে আজ ঢাকায় নেদার ল্যান্ডস দূতাবাসে উদ্বোধন করা হয়েছে ব্যতিক্রমধর্মী উদ্যোগ ‘অরেঞ্জ ডোর ক্যাম্পেইন’।
ক্যাম্পেইনের মূল আকর্ষণ একটি বিশেষভাবে তৈরি ক্যারাভান,যা সারা দেশ ঘুরে বেড়াবে। এতে দর্শনার্থীরা দুটি ভিন্নঅভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার সুযোগ পাবেন। ‘ডার্ক রুম’-এ তুলে ধরা হয়েছে দৈনন্দিন জীবনে প্রচলিত জেন্ডার বৈষম্য, স্টেরিওটাইপ ও ক্ষতিকর সামাজিক ধারণা। অন্যদিকে,‘অরেঞ্জ রুম’-এ তুলে ধরা হয়েছে এমন এক সমাজের চিত্র, যেখানে সমতা, মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধা প্রতিষ্ঠিত।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বোরিস ভ্যান বোমেল বলেন, “জেন্ডার সমতা প্রতিষ্ঠায় শুধু নীতি ও প্রতিশ্রুতি যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন আমাদের দৃষ্টিভঙ্গি ও প্রতিদিনের আচরণে পরিবর্তন। অরেঞ্জ ডোর ক্যাম্পেইন মানুষকে, বিশেষ করে তরুণদের প্রচলিত ধ্যান-ধারণা নিয়ে প্রশ্ন তুলতে উৎসাহিত করবে এবং সমতাভিত্তিক সমাজ গড়ার প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে অনুপ্রাণিত করবে।”
সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন,“এই ক্যাম্পেইনটি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার উদ্যোগ আমাকে সত্যিই আনন্দিত করেছে। জেন্ডারভিত্তিক সহিংসতা নিয়ে নীরবতা ভাঙতে ও সচেতনতা তৈরি করতে আমাদের প্রচলিত কর্মএলাকার বাইরেও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে হবে।”
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর সাবরিনা আরিফিন খান বলেন, “মানুষকে পিছিয়ে রাখে এমন প্রচলিত ধারণা ও চর্চাকে প্রশ্নবিদ্ধ করার মধ্য দিয়েই প্রকৃত পরিবর্তনের সূচনা হয়। এই পরিবর্তন আনতে আমাদের সবারই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
জাগো ফাউন্ডেশন ট্রাস্ট নির্বাহী পরিচালক করভি রাখসান্দ বলেন, সমাজের জেন্ডারভিত্তিক নেতিবাচক ধ্যানধারণাকে চ্যালেঞ্জ করার শক্তি রয়েছে যুবদের মধ্যে। অরেঞ্জ ডোর ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চাই যে যুবরা সমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী হয়ে সহিংসতামুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখবে।” জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক প্রচারাভিযান-এর প্রাক্কালে এই ক্যাম্পেইন শুরু হলো। এর লক্ষ্য জেন্ডার সমতা নিয়ে আলোচনা দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ইতিবাচক পরিবর্তন আনতে প্রত্যেকের নিজ নিজ ভূমিকা নিয়ে ভাবতে উৎসাহিত করা।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর, কূটনৈতিক মিশন, উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজের সংগঠন, গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান এবং যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অরেঞ্জ ডোর ক্যাম্পেইন ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের অংশ। নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে প্রকল্পটি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও জাগো ফাউন্ডেশন ট্রাস্ট যৌথভাবে বাস্তবায়ন করছে।
পড়ুন : দুই দফায় কালির পর ফের আঁকা হলো রবীন্দ্রনাথের গ্রাফিতি


