দিনের বেলায় কেউ প্যাডেল ঘোরান রিকশার, কেউ চালান ভ্যান, আবার কেউবা জীবিকার তাগিদে কাজ করেন পোশাক কারখানায় কিংবা ছোটখাটো চাকরিতে। সংসারের চাকা সচল রাখতে গিয়ে শ্রেণিকক্ষের নিয়মিত পাঠ তাদের কাছে অনেকটাই দূরের স্বপ্ন। পরীক্ষার মৌসুম এলে কেবল খাতা-কলম হাতে পরীক্ষা কেন্দ্রে বসা- আর বছর শেষে ফলাফলের খাতায় লাল কালির দাগ। নেত্রকোনার কারিগরি ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের চেনা দৃশ্যপট এবার বদলে দেওয়ার প্রত্যয় নিয়েছে জেলা প্রশাসন।
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কাঙ্ক্ষিত সাফল্য না আসায় হতাশায় ডুবে না থেকে উত্তরণের পথ খুঁজতে এক টেবিলে বসেছিলেন জেলার শিক্ষা প্রশাসক ও প্রতিষ্ঠান প্রধানরা।
সোমবার বেলা তিনটায় নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ‘এইচএসসি/সমমান পরীক্ষা-২০২৬ এর ফলাফল বিষয়ক মতবিনিময় সভা’। গতানুগতিক কৈফিয়ত তলব বা দোষারোপের সংস্কৃতি ভেঙে সেখানে তৈরি হয় পারস্পরিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও সম্মিলিত ঘুরে দাঁড়ানোর এক নতুন গল্প।
সভার শুরুতেই নেত্রকোনার শিক্ষার প্রকৃত চিত্র তথ্য-উপাত্তসহ তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং রাজস্ব) মুন মুন জাহান লিজ। পরিসংখ্যান বলছে, জেলার সাধারণ কলেজ, মাদ্রাসা ও কারিগরি- এই তিন ধারাতেই ফলাফল সন্তোষজনক নয়; বিশেষ করে কারিগরি ও সাধারণ কলেজে অকৃতকার্যের হার উদ্বেগজনক।
পরিসংখ্যান অনুযায়ী, নেত্রকোনা জেলার ৪৮টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৩ হাজার ৩৮১ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন ৫ হাজার ৮৭৫ জন এবং অকৃতকার্য হয়েছেন ৭ হাজার ৫০৬ জন; পাশের হার ৪৩ দশমিক ৯১ শতাংশ, যার মধ্যে ছয়টি নন-এমপিও প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থীই অকৃতকার্য হয়েছেন। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ২৯টি প্রতিষ্ঠানের ১ হাজার ৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫২৭ জন কৃতকার্য ও ৪৭৬ জন অকৃতকার্য হয়েছেন; তিন ধারার মধ্যে তুলনামূলক এগিয়ে থাকা এ শাখায় পাশের হার ৫২ দশমিক ৫৪ শতাংশ। এছাড়া ফলাফল বিপর্যয় সবচেয়ে বেশি ঘটেছে কারিগরি শাখায়- জেলার ৩৮টি প্রতিষ্ঠানের ২ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছেন মাত্র ৯৪৭ জন এবং অকৃতকার্য হয়েছেন ২ হাজার জন; পাশের হার ৩২ দশমিক ১৩ শতাংশ।
সম্মেলন কক্ষের আসন স্বল্পতার কারণে জেলার সব প্রতিষ্ঠানকে একসঙ্গে ডাকা সম্ভব না হলেও জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আহাম্মদের সহায়তায় ভালো ফলাফল করা প্রতিষ্ঠান, পিছিয়ে পড়া প্রতিষ্ঠান এবং শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানের প্রধানদের একই কাতারে বসানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজ প্রতিষ্ঠান প্রধানদের উদ্দেশে বলেন, “আমরা সবাই মিলে একটি টিম। জেলা প্রশাসন এখানে কেবল চালিকাশক্তি হিসেবে কাজ করছে। আমরা কারও দিকে আঙুল তুলতে চাই না; বরং ভালো ও পিছিয়ে পড়া প্রতিষ্ঠানের মধ্যে ইতিবাচক মিথস্ক্রিয়া গড়ে তুলতে চাই। সবচেয়ে বড় কথা, আমরা যে ফলাফলই করি না কেন, তা যেন শতভাগ সততার সাথে অর্জিত হয়- নিজের বিবেকের কাছে যেন আমরা পরিষ্কার থাকি।”
সভায় সভাপতির বক্তব্যে নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান শ্রেণিকক্ষের সংকট কাটাতে ‘শিক্ষক বিনিময়’ বা ইন্টারচেঞ্জের এক অভিনব ও মানবিক ধারণার অবতারণা করেন।
তিনি বলেন, “যেসব প্রতিষ্ঠানে নির্দিষ্ট বিষয়ে শিক্ষক স্বল্পতা রয়েছে বা শিক্ষার্থীরা দুর্বল, সেখানে পাশের ভালো প্রতিষ্ঠানের দক্ষ শিক্ষককে আমন্ত্রণ জানিয়ে নিয়ে যান। ধরুন, কোনো কলেজের ইংরেজি শিক্ষক খুব ভালো পড়ান- তাকে আমন্ত্রণ জানালে তিনি এসে এক-দুই দিন টানা ক্লাস নিলেন। আপনারা শুধু সদরে সীমাবদ্ধ না থেকে খালিয়াজুরীর মতো হাওর ও দুর্গম এলাকার প্রতিষ্ঠানগুলোতেও যান। এতে অভিজ্ঞতা বিনিময় হবে, শিক্ষকদের মধ্যে সম্প্রীতি বাড়বে এবং দিনশেষে আমাদের শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি উপকৃত হবে।”
পাশাপাশি প্রতিটি প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান নিশ্চিত করা, ঘনঘন পরীক্ষা ও নিয়মিত মডেল টেস্ট নেওয়া এবং শ্রেণিকক্ষের কার্যক্রম কঠোরভাবে মনিটরিং করার নির্দেশ দেন জেলা প্রশাসক। সভায় উপস্থিত প্রতিষ্ঠান প্রধানরাও জানান, আগামী ১ ডিসেম্বর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে পরীক্ষা শুরু হতে যাচ্ছে।
কারিগরি ও কর্মজীবী শিক্ষার্থীদের ঝরে পড়া ও অকৃতকার্য হওয়া ঠেকাতে বাস্তবমুখী কিছু কৌশলের কথা তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজ। তিনি পরামর্শ দেন- কোনো প্রতিষ্ঠানের হিসাববিজ্ঞান শিক্ষক দক্ষ, আবার কোনো প্রতিষ্ঠানের পদার্থবিজ্ঞান বা রসায়ন শিক্ষক ভালো। প্রতিষ্ঠান প্রধানরা নিজেদের মধ্যে কোনো ঈর্ষা বা প্রতিযোগিতা না রেখে বিগত ১০ থেকে ২০ বছরের বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে অধ্যায়ভিত্তিক মানসম্মত সাজেশন তৈরি করবেন এবং তা সবার মাঝে ছড়িয়ে দেবেন। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে অভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে, যেখানে সব প্রতিষ্ঠান নিজেদের তৈরি সাজেশন ও ভালো উদ্যোগ শেয়ার করবে। পাশাপাশি ভর্তির সময়ই শিক্ষার্থীদের হাতে সাজেশন তুলে দিয়ে শিক্ষার্থীদের নিয়েও আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত পড়াশোনার খোঁজখবর ও পড়া আদায় নিশ্চিত করতে হবে। রিকশাচালক, ভ্যানচালক বা গার্মেন্টসকর্মী যেসব শিক্ষার্থী ভর্তি হন, তাদের শুরুতেই পড়াশোনার গুরুত্ব বোঝাতে হবে। ২৫০ বা ১৫০ জন পরীক্ষার্থী দেখিয়ে নামমাত্র পাশের চেয়ে প্রকৃত প্রস্তুতি সম্পন্ন শিক্ষার্থীদেরই পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, যাতে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ থাকে।
সভার সমাপনী পর্বে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান আগামী এইচএসসি ও আলিম পরীক্ষাকে সামনে রেখে জেলার সব কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে আগামী তিন মাসের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে কর্মপরিকল্পনা জেলা প্রশাসনের কাছে জমা দিতে হবে।
নেত্রকোনার অভিভাবক, শিক্ষক ও সচেতন মহলের প্রত্যাশা- প্রশাসনের সমন্বিত উদ্যোগ ও তদারকি কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে যদি প্রতিটি শ্রেণিকক্ষে পৌঁছায়, তবে আগামী দিনের ফলাফলে নেত্রকোনা নিশ্চয়ই ঘুরে দাঁড়াবে।
পড়ুন : হিলি সীমান্তে রাজনৈতিক নেতা-কর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা


