খুলনায় একদিনে ছয় স্থানে গুলি, প্রাণ গেল একজনের

খুলনা নগরীতে একদিনে পৃথক ছয়টি স্থানে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত এসব ঘটনায় নগরজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। এর মধ্যে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হালিম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। অন্য ঘটনাগুলোতে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নগরীর সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদের বাড়ির বিপরীত পাশের একটি গলিতে প্রথম গুলির ঘটনা ঘটে। সেখানে রূপসা মৎস্য আড়ত সমবায় সমিতির সহসভাপতি সাঈদ শিকদারকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

এরপর লবণচরা থানার মোহাম্মদিয়া এলাকায় টুটুল নামে এক ব্যক্তির বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। এতে কেউ হতাহত হননি বলে জানিয়েছেন লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।

বিকেলে নগরীর ‘দ্য পালংকি’ রেস্টুরেন্ট লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। চাঁদা দাবির হুমকির কারণে রেস্টুরেন্টটি আগে থেকেই বন্ধ ছিল। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে পুলিশের হস্তক্ষেপ ও নিরাপত্তার আশ্বাসে এটি পুনরায় চালু করা হয়। কিন্তু চালুর কয়েক ঘণ্টার মধ্যেই বাইরে থেকে ছোড়া এক রাউন্ড গুলি রেস্টুরেন্টের সাইনবোর্ডে লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম।

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আড়ংঘাটা থানার শলুয়া স্লুইস গেট এলাকায় পান্নু খলিফার চায়ের দোকানের সামনে গুলির ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা মুখোশধারী দুর্বৃত্তরা সেখানে পরপর তিন রাউন্ড গুলি ছুড়ে শাহাপুর বাজারের দিকে পালিয়ে যায়। আড়ংঘাটা থানার ওসি হালিমুর রহমান জানান, এ ঘটনায় কেউ হতাহত হননি।

সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে রাত সাড়ে ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায়। সেখানে দুর্বৃত্তদের গুলিতে হালিম নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। তার মাথা ও বুকে গুলি লাগে। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. আহাদুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এদিকে রাত আনুমানিক ৯টার দিকে লবণচরা থানাধীন পশ্চিম টুটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সন্ত্রাসী প্রিন্সের শ্বশুর আব্দুল জলিল আকনের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা বাড়িটিতে গুলি চালিয়ে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, কিংবা হামলার পেছনে কী কারণ রয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দিনভর একের পর এক গুলির ঘটনায় নগরীর বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ধারাবাহিক এসব ঘটনার পেছনে কারা জড়িত এবং হামলাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : হিলি সীমান্তে রাজনৈতিক নেতা-কর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন