সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেন অবরুদ্ধ করেন তাঁরা। পরে একইভাবে ঢাকাগামী সিল্ক সিটি ও প্রভাতি এক্সপ্রেস ট্রেন অবরুদ্ধ করে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে লাহিড়ী মোহনপুর রেলস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্টেশনের আশপাশের বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধন চলাকালে এলাকাবাসী রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, একইভাবে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি ও পাবনা থেকে প্রভাতি এক্সপ্রেস ট্রেন অবরুদ্ধ করে রাখেন। তিনটি ট্রেন প্রায় ২০ মিনিট অবরুদ্ধ থাকার পর লাহিড়ী মোহনপুর স্টেশন ছেড়ে যায়। পরে তাদের কর্মসূচি শেষ করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে চারটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরে এ দাবির কথা জানিয়ে আসলেও তা বাস্তবায়ন না হওয়ায় তাঁরা মানববন্ধন ও ট্রেন অবরোধের মতো কর্মসূচি পালন করেছেন।
এলাকাবাসীর দাবি, লাহিড়ী মোহনপুর স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি চালু হলে আশপাশের এলাকার যাত্রীদের যাতায়াতের দুর্ভোগ কমবে এবং যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে।
পড়ুন : খালিয়াজুরী ইউএনও অফিসে আগুন, টিভি ক্যাবিনেটের শর্টসার্কিটের শঙ্কা


