গাজীপুরের শ্রীপুরের বেশ কয়েকটি কারখানায় হামলা ও ভাংচুরের চেষ্টা করা হয়েছে। এসময় ছুটি ঘোষণা করা কারখানাতেও হামলা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাটে ৮ টার দিকে উপজেলার দক্ষিণ ভাংনাহাটি ও কেওয়া পূর্বখণ্ড ফখরুদ্দিন মোড় এলাকায় এসব ঘটনা ঘটে। লাঠিসোঁটা নিয়ে একদল শ্রমিক কারখানার প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালান। বৈরাগীরচালা এলাকার হ্যামস্ গার্মেন্টস্, ভিক্টোরিয়া গার্মেন্টস্, লাক্সমা ইনওয়্যার লিমিটেড, কেওয়া দক্ষিণ খন্ড এলাকার ফখরুদ্দিন টেক্সটাইল ও নোমান হোম ট্রেক্সটাইলে হামলা চালানো হয়। আকস্মিক এসব ঘটনায় কারখানাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় ছুটির নোটিশ টানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।
ফখরুদ্দিন টেক্সটাইল মিলের নিরাপত্তা ইনচার্জ তানভীর আহমেদ জানান, আজ কারখানা বন্ধ। সকাল থেকে হঠাৎ বেশ কয়েক যুবক কারখানার প্রধান ফটকে এসে বিশৃঙ্খলা তৈরি করে, এসময় গেটে ভাংচুরের চেষ্ট করলে কারখানার নিজস্ব নিরাপত্তা বাহিনীর সদস্য তা রুখে দেয়। এরপর সকাল সাড়ে ১০টার দিকে ফের হামলা চালায়, ব্যাপক ঢিল ছুঁড়ে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া দেয়, এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে পুলিশও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
এবিষয়ে গাজীপুর জেলা পুলিশের কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুল আলম বলেন, আজ যারা বিশৃঙ্খলা তৈরি করছে তারা শ্রমিক না। কিছু বহিরাগত যুবক বিভিন্ন কারখানার গেটে গিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। আমাদের সতর্ক অবস্থানের কারণে তারা বেশিক্ষণ অবস্থান করতে পারেনি। বর্তমানে শ্রীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেও যানবাহন চলাচল করছে।
পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ মালামাল আটক


