শীতের আগমনে সিরাজগঞ্জে জমজমাট জলপাইয়ের হাট

শীতের আগমনে মৌসুমি ফল জলপাইকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে সিরাজগঞ্জের সদর উপজেলার বাগবাটি এলাকার ঐতিহ্যবাহী জলপাইয়ের হাট। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা। জেলার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের নানা প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা আসছেন এ হাটে। প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় ৩০ থেকে ৩৫ মেট্রিক টন জলপাই। তবে বাজারে চাহিদা কম, শ্রমিকের মজুরি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এবার লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

শীতের আগমনী বার্তার সঙ্গে শুরু হয়েছে জলপাইয়ের মৌসুম। আর মৌসুমের শুরুতেই জমে উঠেছে বাগবাটির ঐতিহ্যবাহী জলপাইয়ের হাট। প্রতিদিন আশপাশের বিভিন্ন গ্রাম থেকে অটোরিকশা, ভ্যান ও পিকআপে করে বস্তাভর্তি জলপাই নিয়ে আসছেন চাষি ও ব্যবসায়ীরা। হাটে পলিথিনের ওপর জলপাই স্তূপ করে রাখা হয়। পরে ছোট, মাঝারি ও বড়—এই তিন ভাগে বাছাই করে বিক্রি করা হয় পাইকারদের কাছে।

প্রতিবছর আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ ও পৌষ—এই চার মাস জলপাইয়ের ভরা মৌসুম। বাগবাটি ইউনিয়নের ঘোড়াচড়া, কানগাতি, হরিনা বাগবাটি, খাগা, সুবর্ণগাতি, ফুলকোচা ও ব্রাহ্মণবাগসহ আশপাশের বিভিন্ন গ্রামের চাষি ও ব্যবসায়ীরা এ হাটে জলপাই নিয়ে আসেন। এখান থেকে জলপাই কিনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন পাইকাররা। বিশেষ করে ঢাকা, পাবনা, নাটোর, টাঙ্গাইল, বগুড়া, বরিশাল, যশোর ও খুলনায় যায় এসব জলপাই।

স্থানীয়দের ভাষ্য, প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে এ হাটে জলপাইয়ের বেচাকেনা হয়ে আসছে। বর্তমানে প্রতিদিন এ হাটে প্রায় ৩০ থেকে ৩৫ মেট্রিক টন জলপাই বিক্রি হচ্ছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।

ব্যবসায়ীরা জানান, মৌসুম শুরুর আগেই বিভিন্ন এলাকার জলপাইগাছ কিনে নেন তারা। পরে গাছ থেকে ফল সংগ্রহ করে শ্রমিকদের মাধ্যমে বাছাই করে দেশের বিভিন্ন মোকামে পাঠানো হয়। তবে এবার বাজারে জলপাইয়ের চাহিদা ও দাম তুলনামূলক কম। পাশাপাশি শ্রমিকের মজুরি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে। অনেক ব্যবসায়ী লাখ লাখ টাকা বিনিয়োগ করেও মূলধন তুলে আনতে পারবেন কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।

ব্যবসায়ীদের আরও অভিযোগ, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ হাটে এখনো গড়ে ওঠেনি পর্যাপ্ত শেড, জলপাই ধোয়ার নির্দিষ্ট ব্যবস্থা কিংবা পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ড্রেনেজ। ফলে বৃষ্টি ও রোদে পণ্য নিয়ে ভোগান্তিতে পড়তে হয় তাদের। হাটের অবকাঠামোগত উন্নয়ন, জলপাই ধোয়ার হাউস ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।

হাটে জলপাই বাছাইয়ের কাজে নিয়োজিত শ্রমিকরাও জানান, জলপাই বাছাই ও প্যাকেটজাত করার কাজে মৌসুমে অনেক মানুষের কর্মসংস্থান হয়। কিন্তু কোম্পানিগুলোর চাহিদা কম থাকায় এবার জলপাইয়ের দাম কম। তাদের দাবি, বড় কোম্পানিগুলোকে এ হাটে জলপাই কেনার জন্য উৎসাহিত করার পাশাপাশি শ্রমিকদের কাজের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

জলপাই শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও বেশ সমৃদ্ধ। এ ফল দিয়ে আচারসহ তৈরি হয় নানা মুখরোচক খাবার। সিরাজগঞ্জে বাণিজ্যিকভাবে বড় জলপাইয়ের বাগান না থাকলেও বসতবাড়ির আঙিনায় অনেকেই এ ফলের চাষ করছেন। তুলনামূলক কম পরিচর্যায় উৎপাদন হওয়ায় দিন দিন বাড়ছে জলপাই চাষের আগ্রহ।

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ রেজাউল হক জানান, জলপাই সিরাজগঞ্জের একটি বিশেষ কৃষিপণ্য। বাগবাটি হাটে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ মণ জলপাই বিক্রি হচ্ছে। কৃষকদের সময়মতো সার ও কীটনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি জলপাইয়ের উৎপাদন বাড়াতে বিভিন্ন কর্মসূচির আওতায় কৃষকদের চারা বিতরণ করা হচ্ছে। গত বছরের মতো এবারও ভালো ফলন ও ন্যায্যমূল্য পেয়ে কৃষকরা লাভবান হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ব্যবসায়ী ও শ্রমিকদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে বাগবাটি হাটের আধুনিক অবকাঠামো, পানি নিষ্কাশন, সংরক্ষণ ও বিপণন সুবিধা নিশ্চিত করা হবে। এতে ঐতিহ্যবাহী এ হাটের কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়ার পাশাপাশি কৃষক, ব্যবসায়ী ও শ্রমিকদের অর্থনৈতিক সম্ভাবনাও বাড়বে।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ মালামাল আটক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন