মায়ের বুকে বাদল ফরাজি, বিনা দোষে ১৮ বছর জেল খেটেও কাটেনি স্থায়ী মুক্তির অপেক্ষা

দীর্ঘ ১৮ বছরের বন্দিজীবনের পর অবশেষে ২৪ নভেম্বর চার সপ্তাহের প্যারোলে মুক্তি পান বাদল ফরাজি। গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়ে পুলিশি নিরাপত্তায় পৌঁছান বাগেরহাটের মোংলায় নিজ বাড়িতে।
‎
‎ছেলেকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধ মা শেফালী বেগম। পাঁচ ভাইবোনের মধ্যে দ্বিতীয় বাদল। তাঁর বাবা ছেলের মুক্তির অপেক্ষায় থাকতে থাকতেই মারা গেছেন। এখন অসুস্থ মায়ের একটাই চাওয়া, জীবনের শেষ সময়টুকু যেন ছেলেকে পাশে নিয়ে কাটাতে পারেন।
‎
‎‎তাজমহল দেখতে ভারতে গিয়ে নামের ভুলে হত্যা মামলায় গ্রেপ্তার। এরপর আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড। জীবনের ১৮টি বছর কেটেছে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। বন্দিজীবনেই হারিয়েছেন বাবাকে। ছেলের ফেরার অপেক্ষায় থাকতে থাকতে মৃত্যুবরণ করেন বাবা। অন্যদিকে অসুস্থ বৃদ্ধ মা এখনো অপেক্ষায় ছেলের স্থায়ী মুক্তির। অবশেষে চার সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়ে মায়ের বুকে ফিরেছেন মোংলার বাদল ফরাজি। ‎২০০৮ সালে মাত্র ১৮ বছর বয়সে অষ্টম শ্রেণিতে পড়ার সময় তাজমহল দেখতে ভারতে গিয়েছিলেন বাদল ফরাজি। ১৩ জুলাই বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর নামের মিল থাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক হন তিনি। দিল্লিতে এক বৃদ্ধা হত্যার ঘটনায় পুলিশ খুঁজছিল বাদল সিং নামের এক ব্যক্তিকে। কিন্তু বাদল ফরাজির পরিবারের দাবি, তিনি সেই ব্যক্তি নন। পরিচয়ের ভুলেই তাঁকে হত্যা মামলায় জড়ানো হয়। ‎২০১৫ সালের ২২ আগস্ট দিল্লির আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরবর্তী সময়ে উচ্চ আদালতেও সাজা বহাল থাকে।
‎
‎কারাগারে বন্দি থেকেও থেমে থাকেনি বাদলের শিক্ষাজীবন। দিল্লির তিহার কারাগারে প্রায় ১০ বছর বন্দি থাকার সময় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা সম্পন্ন করেন তিনি। পাশাপাশি বিভিন্ন বিষয়ে ডিপ্লোমাও অর্জন করেন।
‎
‎যে বয়সে একজন তরুণের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, কর্মজীবন শুরু কিংবা পরিবার গড়ার কথা, সেই বয়সে কারাগারের ভেতরে বসেই নিজের শিক্ষাজীবন এগিয়ে নিয়েছেন বাদল। কিন্তু শিক্ষাগত যোগ্যতা অর্জন করেও ফিরে পাননি স্বাভাবিক জীবন।
‎
‎প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে থাকার পর ২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। ওই দিন বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। পরে স্থানান্তর করা হয় গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে।
‎
‎পরিবারের প্রত্যাশা ছিল, দেশে ফিরলে হয়তো মুক্তির পথ খুলবে। কিন্তু বাস্তবে তা হয়নি। ভারতের কারাগারে প্রায় ১০ বছর কাটানোর পর বাংলাদেশেও আরও আট বছরের বেশি সময় বন্দিজীবন কাটাতে হয়েছে তাঁকে।
‎‎
‎বাদল ফরাজীর স্থায়ী মুক্তির পথে সবচেয়ে বড় জটিলতা ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তি এবং দুই দেশের আইনের পার্থক্য।
‎
‎ভারতীয় আদালতের নথি অনুযায়ী, ২০২২ সালের ২০ জুলাই তাঁর ১৪ বছরের সাজাভোগের সময় পূর্ণ হয়। ভারতীয় আইনে নির্দিষ্ট শর্তে ১৪ বছর কারাভোগের পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির মুক্তির বিষয়টি বিবেচনার সুযোগ রয়েছে। কিন্তু এটি স্বয়ংক্রিয় মুক্তি নয়; সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন।
‎
‎অন্যদিকে বাংলাদেশের কারাবিধিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দির ক্ষেত্রে ২০ বছর সাজাভোগের পর বিশেষ বিবেচনায় মুক্তির আবেদন পর্যালোচনার সুযোগ রয়েছে। ফলে ভারতীয় আইন ও বাংলাদেশের কারাবিধির মধ্যে তৈরি হয়েছে জটিলতা।
‎
‎এর সঙ্গে যুক্ত হয়েছে বন্দি স্থানান্তর চুক্তির শর্ত। চুক্তির ৯ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত বন্দিকে মুক্তি দিতে সংশ্লিষ্ট অপর দেশের সম্মতি প্রয়োজন। অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে স্থানান্তরিত বাদল ফরাজীকে বাংলাদেশ সরকার একক সিদ্ধান্তে স্থায়ীভাবে মুক্তি দিতে পারছে না।
‎
‎বাদল ফরাজীর মুক্তির জন্য বাংলাদেশ সরকার একাধিকবার ভারতীয় কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে। কিন্তু ভারতের সাজা পর্যালোচনা বোর্ডের ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারির সভায় তাঁর আগাম মুক্তির আবেদন নাকচ করা হয় বলে প্রকাশিত নথিতে উল্লেখ রয়েছে।
‎
‎এদিকে বাংলাদেশ থেকে আবেদন পাঠানোর প্রক্রিয়াও দীর্ঘ ও জটিল। কারা অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ হাইকমিশন এবং ভারতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘুরে আবেদন পৌঁছায় দেশটির সাজা পর্যালোচনা বোর্ডে। বছরে নির্দিষ্ট সময়ে বোর্ডের সভা হওয়ায় প্রশাসনিক প্রক্রিয়ায় বিলম্ব হলে আবেদন পর্যালোচনায় আরও সময় লেগে যায়।
‎
‎কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন ও গণমাধ্যম) জান্নাতুল ফরহাদের বক্তব্য অনুযায়ী, ভারতীয় কর্তৃপক্ষের সম্মতি ছাড়া বাংলাদেশ সরকারের পক্ষে তাঁকে মুক্তি দেওয়া সম্ভব নয়।
‎
‎অর্থাৎ বাদলের মুক্তির প্রশ্নে শুধু বাংলাদেশের সিদ্ধান্তই যথেষ্ট নয়; প্রয়োজন ভারতীয় কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সম্মতি এবং দুই দেশের আইনি প্রক্রিয়ার সমন্বয়।
‎
‎‎৮ বছর আগে যে তরুণ তাজমহল দেখতে ভারতে গিয়েছিলেন, তিনি এখন ৩৬ বছরের মানুষ। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কেটেছে কারাগারে। চার সপ্তাহের প্যারোল তাঁকে মায়ের কাছে ফিরিয়েছে ঠিকই, কিন্তু ফিরিয়ে দিতে পারেনি হারানো ১৮টি বছর।

খন বাদল ফরাজী ও তাঁর পরিবারের একটাই প্রত্যাশা—সাময়িক মুক্তি নয়, আইনি ও কূটনৈতিক জটিলতার অবসান ঘটিয়ে স্থায়ী মুক্তির ব্যবস্থা করুক বাংলাদেশ সরকার।

বিজ্ঞাপন

পড়ুন : শীতের আগমনে সিরাজগঞ্জে জমজমাট জলপাইয়ের হাট

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন