ঢাকার কেরানীগঞ্জে ২০টি তাজা ককটেলসহ ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মোঃ আকাশ হোসেন (২১) ও মোঃ নাজিম আহমেদ (১৯)।
বুধবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার আটি নয়া বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে পুলিশি তল্লাশিতে সিএনজি চালিত অটোরিক্সা থেকে তাদেরকে থেকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেল সাড়ে ৪ টার দিকে এসআরবি বোম ডিসপোজাল ইউনিট কালিন্দী খালি মাঠে নিয়ে ককটেল গুলো নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি কিছু দুষ্কৃতকারী এলাকার মধ্যে নাশকতা সৃষ্টি করার জন্য কালিন্দী এলাকা থেকে বোমা নিয়ে যাচ্ছে।
এ সংবাদের ভিত্তিতে আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের দিক নির্দেশনায় তাৎক্ষণিক আটি নয়া বাজার এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করি। সেখানে সকাল সাড়ে ১১ টার দিকে একটি সিএনজির গতিরোধ করি। এরপর সিএনজিতে থাকা ২ যুবককে তল্লাশি করে তাদের কাছে থাকা একটি প্লাষ্টিকে বাজারের ব্যাগে বালু ভর্তি দেখতে পাই। পরে বালুর ভিতর থেকে ২০টি তাজা ককটেল বোমা উদ্ধার করা হয়। বোমা ও আটক ২ যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন : মেহেরপুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১


