মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তহুরা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
আজ বুধবার সকালে জমিতে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাপুর গ্রামের ইসলাম মহালদার ও তাঁর চাচাতো ভাই হানিফ মহালদারের পরিবারের মধ্যে বসতবাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ইসলাম মহালদার বিরোধপূর্ণ ওই জমিতে ঘর নির্মাণের কাজ শুরু করলে হানিফ মহালদারের পরিবারের সদস্যরা বাধা দেন। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
এ সময় উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নারীসহ দুই পক্ষের আটজন আহত হন। আহতদের উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক হানিফ মহালদারের মা তহুরা খাতুনকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত হানিফ মহালদার ও তাঁর ভাই আব্দুর রহমান মহালদারকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। সংঘর্ষের পর ইসলাম মহালদারের পরিবারের সদস্যরা এলাকা ছেড়ে চলে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকিয়া সুলতানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বৃদ্ধার মরদেহ উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন : চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা


