চীনের কুনমিং অঞ্চলের সঙ্গে যুক্ত হতে মিয়ানমার হয়ে নতুন একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ–চীন সম্পর্ক নিয়ে আয়োজিত ‘ঢাকা ফোরাম ২০২৬’ এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যকালে চীন-মিয়ানমার-বাংলাদেশের এই নতুন করিডোরের সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
প্রস্তাবিত চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোরের সম্ভাবনার কথা তুলে ধরে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, নতুন এই করিডোর আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ এবং সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করতে পারে।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক এই উপদেষ্টা বলেন, এশিয়ার পরিবর্তনশীল অর্থনৈতিক প্রেক্ষাপটে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে। প্রস্তাবিত করিডোরটিকে কেবল একটি অবকাঠামোগত প্রকল্প হিসেবে দেখলে চলবে না; বরং এটিকে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে অর্থনৈতিক একীকরণ এবং কার্যকরী সহযোগিতার একটি বৃহত্তর রূপরেখা হিসেবে দেখা উচিত।
তবে প্রস্তাবিত অর্থনৈতিক করিডোরটি বাস্তবায়নে সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর বাস্তবায়নের জন্য রাজনৈতিক বাস্তবতা ছাড়াও নিরাপত্তা পরিস্থিতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সংশ্লিষ্ট অংশীদারদের অর্থনৈতিক স্বার্থ সতর্কতার সঙ্গে মূল্যায়ন করা প্রয়োজন। এ সময় নতুন এই অর্থনৈতিক করিডোরের বাস্তবসম্মত পথ চিহ্নিত করতে প্রমাণভিত্তিক মূল্যায়ন, সম্ভাব্যতা সমীক্ষা এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনাসহ জোর গবেষণা ও নীতিগত সংলাপের আহ্বান জানান তিনি।
ইসমাইল জবিউল্লাহ বলেন, চীনের কুনমিং অঞ্চলের সঙ্গে চিকিৎসা, পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় সহজতর করতে যোগাযোগ জোরদার করা বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য। যদিও ইতোমধ্যে একটি তেল ও গ্যাস পাইপলাইন কুনমিংকে মিয়ানমারের কিয়াকফিউয়ের সঙ্গে সংযুক্ত করেছে, তবুও একটি পূর্ণাঙ্গ এবং বাণিজ্যিকভাবে কার্যকর সড়ক ও রেল নেটওয়ার্ক এখনো প্রতিষ্ঠিত হয়নি।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক এই উপদেষ্টা বলেন, চীনের রুইলি থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি একটি পথ থাকলে অর্থনৈতিক করিডোর বেশি সুবিধাজনক হতো, কিন্তু মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান অস্থিতিশীলতা এ ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। এ সময় কুনমিং ও কিয়াকফিউয়ের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন ও এটি বাংলাদেশের সঙ্গে সামুদ্রিক রুটে একীভূত করতে পারলে চীন, মিয়ানমার ও বাংলাদেশকে সংযুক্তকারী একটি নতুন অর্থনৈতিক করিডোর তৈরি হতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
পড়ুন : শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত


