সরকারের কৃষি প্রণোদনার আওতায় বরাদ্দ দেওয়া বীজ ও সার নির্ধারিত সময়ে বিতরণ না করায় প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। বপনের মৌসুম শেষ হওয়ার পর কৃষকদের হাতে এসব বীজ পৌঁছানোয় তা কাজে লাগাতে পারছেন না অনেক সুবিধাভোগী। ফলে সরকারি সহায়তার বীজ কেউ বিক্রি করছেন, আবার কেউ তা ভেঙে তেল তৈরির কাজে ব্যবহার করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, চলতি বছর উপজেলার প্রায় ৬ হাজারের কাছাকাছি কৃষককে কৃষি প্রণোদনার আওতায় আনা হয়েছে। এর মধ্যে বাদাম, অড়হর ও সরিষা চাষের জন্য কৃষকদের বীজ ও সার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরিষা চাষের জন্য প্রত্যেক কৃষককে এক কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়ার কথা রয়েছে। এছাড়া বাদাম চাষের জন্য ১০ কেজি বীজসহ প্রয়োজনীয় সার এবং অড়হর চাষের জন্যও বীজ ও সার বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিসে এসব কৃষি উপকরণ বিতরণ কার্যক্রম শুরু হয়। তবে ততদিনে সংশ্লিষ্ট ফসলের বপনের উপযুক্ত সময় পেরিয়ে যাওয়ায় কৃষকদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
চরপুটিমারী ইউনিয়নের কৃষক হাবিজুর ও ছানোয়ার এবং চরগোয়ালিনী ইউনিয়নের কৃষক সুলতানসহ একাধিক সুবিধাভোগী জানান, বীজ পাওয়ার সময় আর নেই। এখন এসব বীজ বপন করে কাঙ্ক্ষিত ফলন পাওয়া কঠিন। তারা বলেন, সময়মতো বীজ ও সার পেলে জমিতে আবাদ করতে পারতেন। কিন্তু মৌসুম শেষ হওয়ার পর বীজ পাওয়ায় সেগুলো আর কাজে আসছে না।
কৃষকদের অভিযোগ, সময়মতো কৃষি উপকরণ বিতরণ না করায় সরকারের দেওয়া প্রণোদনার প্রকৃত সুফল থেকে তারা বঞ্চিত হচ্ছেন। ফলে অনেকেই বাধ্য হয়ে এসব বীজ বিক্রি করছেন কিংবা অন্য কাজে ব্যবহার করছেন।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, বরাদ্দ পেতে দেরি হওয়া এবং সুবিধাভোগীদের তালিকা তৈরির কারণে প্রণোদনার উপকরণ বিতরণে বিলম্ব হয়েছে।
কৃষকদের দাবি, ভবিষ্যতে কৃষি প্রণোদনার বীজ ও সার সংশ্লিষ্ট ফসলের বপন মৌসুমের আগেই বিতরণ নিশ্চিত করতে হবে। অন্যথায় সরকারি অর্থ ব্যয়ে দেওয়া এ ধরনের সহায়তার কাঙ্ক্ষিত সুফল পাওয়া সম্ভব হবে না।
পড়ুন : কুষ্টিয়া জেলা কারাগারের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণ


