সিরাজগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, আনন্দ র্যালি, প্রাণিসম্পদ প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অফিসারের কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত “রপ্তানি মুখি প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে এবং সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আনোয়ারুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক এ কে এম মনজুরে মাওলা, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মেরাজ হোসেন মেজবা।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে টিকাদান ক্যাম্প, ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প, কৃমিনাশক ওষুধ বিতরণ এবং স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির আয়োজন করা হয়েছে। পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন, রচনা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজকেরা জানান, প্রাণিসম্পদ খাতের উৎপাদন বৃদ্ধি, আধুনিক খামার ব্যবস্থাপনা, পশুর স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং উন্নত জাতের পশু পালনে খামারিদের উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের আধুনিক প্রযুক্তি ও উৎপাদন পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়ার মাধ্যমে এ খাতের টেকসই উন্নয়নে ভূমিকা রাখবে প্রাণিসম্পদ সপ্তাহ।
প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানির সুযোগ বাড়াতে পণ্যের মান নিয়ন্ত্রণ, রোগনিরাপত্তা, আধুনিক সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। পাশাপাশি খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত পশুখাদ্য সরবরাহ এবং উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। তিন দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি এবং তরুণদের এ খাতে সম্পৃক্ত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পড়ুন : ফায়ার সার্ভিসের কর্মজীবন শেষে শাহজাহান পাটোয়ারী ফরিদগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী


