নরসিংদীর পলাশে গণপিটুনিতে জালাল (৪৫) নামে কারাগার থেকে পালানো ডাকাতি মামলার আসামি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জালাল নোয়াকান্দা গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি নরসিংদী জেলা কারাগার থেকে পালানো আসামি।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, ডাকাতিসহ একাধিক মামলার আসামি জালাল কারাগার থেকে পালানোর পর এলাকা ছেড়েছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি মাঝেমধ্যে এলাকায় যাতায়াত করতেন।
ওসি আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এলাকাবাসী তাকে গজারিয়া গ্রামের নূর উদ্দিনের কলাবাগানে দেখতে পান। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি বলেন, তদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পড়ুন : আখাউড়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর


