নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাদ আলী ও হালিম আজাদ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইটভাটার চাঁদাবাজি ও মাটি বিক্রির কমিশন বাণিজ্যের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও টেঁটাযুদ্ধের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন টেঁটাবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে পাঁচজনকে।
শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত বক্তাবলীর আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। পরে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক হাজী সামাদ আলী ও বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হালিম আজাদের মধ্যে দীর্ঘদিন ধরে ইটভাটার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলে আসছিল। ধলেশ্বরী নদীর পশ্চিম তীরের ইটভাটাগুলোতে মাটি ও শ্রমিক সরবরাহসহ বিভিন্ন কার্যক্রমের নিয়ন্ত্রণ এবং কমিশন বাণিজ্য নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে শর্টগানের গুলি ও টেঁটার আঘাতে উভয় পক্ষের লোকজন আহত হন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) শামীম হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শতাধিক টেঁটা উদ্ধার করা হয়েছে এবং পাঁচজনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : পাঁচবিবিতে কোদালের আঘাতে বড় ভাই খুন, ছোট ভাই গ্রেপ্তার


