দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (অ্যালপ্রাজোলাম ০.৫) জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
দিনাজপুরে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ রাত ২টা ১০ মিনিটে ২৯ বিজিবির অধীনস্থ রুদ্রানী বিওপির দায়িত্বপূর্ণ আদিবাসীপাড়া (থানা- ফুলবাড়ী, জেলা- দিনাজপুর) নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৬৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (অ্যালপ্রাজোলাম ০.৫) জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের সিজার মূল্য ২ লাখ ৪ হাজার টাকা।
এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ


