শরীয়তপুরে মধ্যরাতে জেলা ছাত্রলীগের এক নেতার মোটরসাইকেল নিয়ে ঘোরাফেরা করার সময় দুই ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মোটরসাইকেলটি পুড়িয়ে দেয় স্থানীয় উত্তেজিত জনতা।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন- জেলা সদরের দাসার্ত্তা এলাকার মৃত আজাহার ফকিরের ছেলে আল আমিন (২৮) ও একই এলাকার শাজাহান বন্দুকসীর ছেলে সাগর বন্দুকসী।
জেলা ছাত্রদলের সদস্য মাহাতাব মোর্শেদ মিহির জানান, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাঁরা সজাগ ছিলেন। শুক্রবার দিবাগত রাতে হঠাৎ জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান ভুলুর মোটরসাইকেল নিয়ে দুই ব্যক্তিকে চৌরঙ্গী মোড়ে আসতে দেখেন তাঁরা। এ সময় তাদের এত রাতে সেখানে আসার কারণ জানতে চাইলে তারা পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। পরে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মাহাতাব মোর্শেদ মিহির আরও বলেন, আটকের সময় স্থানীয় উত্তেজিত জনতা ছাত্রলীগ নেতা ভুলুর মোটরসাইকেলটি পুড়িয়ে দেয়।
এ বিষয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, আটক দুজনের মধ্যে আল আমিন ছাত্রলীগ নেতা ভুলুর সহযোগী। তার বিরুদ্ধে এর আগেও সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। আটক হওয়া অপরজন আল আমিনের সহযোগী। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ছাড়া সড়কের পাশে একটি মোটরসাইকেল পোড়ানো অবস্থায় পাওয়া গেছে। সেটি জব্দ করা হয়েছে।
ওসি আরও জানান, আটক হওয়া দুজন পুলিশের কাছে স্বীকার করেছেন, ওই সময় তারা তথ্য সংগ্রহ করতে ঘটনাস্থলে এসেছিলেন।
পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে ৪ লাখ ১৪ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ


