সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রতিবন্ধী বৃদ্ধের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

এনজিও থেকে ঋণ নিয়ে পুকুরে মাছ চাষ করেছিলেন ৭৪ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী মমতাজ উদ্দীন সরকার। আশা ছিল মাছ বিক্রি করে ঋণ পরিশোধের পাশাপাশি পরিবারের প্রয়োজন মেটাবেন। কিন্তু পুকুরে অতিমাত্রায় কীটনাশক প্রয়োগে প্রায় ৪০ মণ মাছ মারা যাওয়ায় এখন দিশেহারা তিনি। এ ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মাছ নিধন, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন ওই বৃদ্ধ।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গুনগাতী গ্রামে এ ঘটনা ঘটে। মমতাজ উদ্দীন সরকারের দাবি, এতে তাঁর প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, মমতাজ উদ্দীন সরকারের নিজস্ব ৯৪ শতক আয়তনের একটি পুকুর রয়েছে। খতিয়ান নম্বর ২৭১ ও দাগ নম্বর ১২৬৬-এর ওই পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন তিনি। শুক্রবার ভোর আনুমানিক ৪টার দিকে প্রতিপক্ষের লোকজন পুকুরে অতিমাত্রায় কীটনাশক প্রয়োগ করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে পুকুরের প্রায় ৪০ মণ মাছ মারা যায়। স্থানীয়দের প্রাথমিক ধারণা, পুকুরে কীটনাশকজাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগ করা হয়ে থাকতে পারে।

মাছ মরে ভেসে উঠতে দেখে সকালে বিষয়টি জানতে পারেন পরিবারের সদস্যরা। পরে সকাল ৯টার দিকে মমতাজ উদ্দীন সরকার এর কারণ জানতে চাইলে প্রতিপক্ষের লোকজন লোহার রড, কাঠের বাটাম ও বাঁশের লাঠি নিয়ে তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় তাঁকে ও পরিবারের সদস্যদের মারধর করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে পুকুরে মাছ চাষ কিংবা দেখাশোনা করতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি পরিবারের।

পরিবারের সদস্য মাসুদ রানা, তাজমিনা খাতুন ও মনোয়ারা বেগম বলেন, মাছ চাষের জন্য তাঁরা এনজিও থেকে ঋণ নিয়েছিলেন। মাছ বিক্রির টাকা দিয়ে ঋণ পরিশোধের পরিকল্পনা ছিল। কিন্তু মাছ মারা যাওয়ায় এখন ঋণের কিস্তি পরিশোধ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের পক্ষে সোলাইমানের মেয়ে সালমা খাতুন বলেন, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। তিনিও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় একটি লিখিত অভিযোগও পেয়েছি। খুব শিগগিরই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় একদিকে মাছ চাষের পুরো বিনিয়োগ হারানোর শঙ্কা, অন্যদিকে ঋণের কিস্তি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগে রয়েছেন মমতাজ উদ্দীন ও তাঁর পরিবারের সদস্যরা। তাঁদের প্রত্যাশা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটিত হবে এবং তাঁরা ন্যায়বিচার পাবেন।

বিজ্ঞাপন

পড়ুন : আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন