সিরাজগঞ্জে আদালতের নির্দেশে প্রায় দুই বছর পর কবর থেকে উত্তোলন করা হয়েছে চাচা ও ভাতিজার মরদেহ। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে জেলার শগুণা ইউনিয়নের হেমনগর এলাকায় দাফন করা মরদেহ দুটি উত্তোলন করা হয়। ২০২৫ সালের ২৪ মার্চ হাটিকুমরুল মহাসড়কে সলঙ্গা হরিণচড়া দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছিল। তবে স্বজনদের অভিযোগ, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।
মৃত ব্যক্তিরা হলেন, তাড়াশ উপজেলার হেমনগর (কাটাবাড়ী) গ্রামের মৃত আব্দুল আজিজ ফারুকীর ছেলে রোকনুজ্জামান ওরফে রোকন ফারুকী এবং তার ভাতিজা নাছির উদ্দিন নান্টু।
মামলার অভিযোগে বলা হয়েছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে ২০২৫ সালের ২৪ মার্চ সিরাজগঞ্জ আদালতে একটি মামলায় হাজিরা দিতে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন চাচা-ভাতিজা। সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে সলঙ্গা থানার হাটিকুমরুল মহাসড়কের হরিনচড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে দুটি সাদা রঙের হাইয়েস মাইক্রোবাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রোকন ফারুকীর মৃত্যু হয়। পরে চিকিৎসার জন্য রাজশাহী নেওয়ার পথে নাছির উদ্দিন নান্টুও মারা যান।
প্রাথমিকভাবে ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে মামলা হলেও নিহতদের পরিবারের দাবি, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশে সলঙ্গা থানায় মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের প্রক্রিয়া এবং তদন্তের স্বার্থে মরদেহ উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়।
শনিবার আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিনের উপস্থিতিতে কবর থেকে মরদেহ দুটি উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) মোঃ সাইফুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
মরদেহ উত্তোলনের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পড়ুন : দেখা হলো না জীবিত অবস্থায়, কারাফটকেই সন্তানের নিথর দেহ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী শর্মী


