যশোরের ভবদহ অঞ্চলসহ আশপাশের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং সেচ ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ‘বৃহত্তর যশোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ ও সেচ এলাকা উন্নয়ন’ শীর্ষক ৩০০ কোটি টাকার প্রস্তাবিত একটি মেগা প্রকল্পের প্রাক-পরিদর্শন সম্পন্ন করেছেন পানি সম্পদ মন্ত্রী ও কৃষি মন্ত্রী। পরিদর্শন শেষে সমাবেশে মন্ত্রীরা বলেন, ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে মেগা প্রকল্প হাতে নেয়া হয়েছে। এ প্রকল্পের ফলে ভবদহ অঞ্চলের মানুষ ছাড়াও ২৪ জেলার মানুষ উপকৃত হবে।
আজ শনিবার (২৮ অক্টোবর) বিকেলে অভয়নগর উপজেলার ভবদহ স্কুল মাঠে আয়োজিত এ বিশাল সুধী সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সমাবেশে পানি সম্পদ মন্ত্রী তার বক্তব্যে মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন,
জনগণের দীর্ঘ ১৭ বছরের অবহেলা ও দুর্ভোগের অন্ত ঘটাতে মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে। এ প্রজেক্টে গঙ্গা-পদ্মা ব্যারেজ ও অভ্যন্তরীণ খাল খননসহ স্থায়ী ও স্বল্পমেয়াদী নানা পরিকল্পনা রয়েছে। আর সব পরিকল্পনার লক্ষ্য ভবদহ অঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষকে চিরস্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্ত করা।
অন্যদিকে কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ তার বক্তব্যে কৃষকদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, এই অঞ্চলের কৃষি ও কৃষকের সমৃদ্ধি ছাড়া সামগ্রিক জাতীয় উন্নয়ন সম্ভব নয়। মাননীয় প্রধানমন্ত্রী ভবদহ এলাকার খোঁজখবর প্রতিনিয়ত নিচ্ছেন এবং আট মাসের ব্যবধানে বহু বছরের পুরোনো এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন। কারণ কৃষক শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে।
এদিকে, সরকারের ৩০০ কোটি টাকার এই প্রস্তাবিত সেচ পরিকল্পনা নিয়ে দ্বিমত ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় আন্দোলকারীরা। মেগা সেচ প্রকল্প হাতে না নিয়ে, নদী ও বিলের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনতে এবং পলি ব্যবস্থাপনা সঠিকভাবে সম্পন্ন করতে টিআরএম চালুর জোর দাবি জানান তারা।
পরিদর্শনকালে পানি সম্পদ ও কৃষিমন্ত্রীর সাথে ছিলেন আইন মন্ত্রী মো: আসাদুজ্জামান, যশোর -৫ আসনের এমপি গাজী এনামুল হক, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিসহ সরকারি বেসরকারি কর্মকর্তাগণ।
পড়ুন : দেখা হলো না জীবিত অবস্থায়, কারাফটকেই সন্তানের নিথর দেহ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী শর্মী


