ভিক্ষা নয়, শ্রমে বাঁচার স্বপ্ন; তৃতীয় লিঙ্গের উদ্যোক্তার পাশে শিউলী বেগম

সমাজের নানা প্রতিবন্ধকতা ও বৈষম্য পেরিয়ে আত্মসম্মানের সঙ্গে বাঁচতে চান তৃতীয় লিঙ্গের মানুষরাও। ভিক্ষাবৃত্তি কিংবা চাঁদাবাজির ওপর নির্ভরশীল না হয়ে নিজের শ্রম, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হওয়ার সেই স্বপ্নই দেখছেন কুষ্টিয়া থেকে আসা তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা রবিউল আওয়াল মাহিন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সৈয়দপুরের নারী উদ্যোক্তা ও সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শিউলী বেগম।

সৈয়দপুর শহরের শহীদ স্মৃতি শিশু পার্কে গত ২৬ থেকে ২৮ নভেম্বর তিন দিনব্যাপী অনুষ্ঠিত ‘পিঠা উৎসব মেলা-২০২৬’-এ দেখা মেলে মানবিকতা ও আত্মনির্ভরতার এমন এক দৃষ্টান্তের।

‘সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরাম’-এর আয়োজনে অনুষ্ঠিত এ মেলায় নারী উদ্যোক্তারা বাহারি পিঠা, চালের রুটির সঙ্গে হাঁসের মাংসসহ বিভিন্ন দেশীয় খাবার ও হস্তশিল্পের পণ্য নিয়ে অংশ নেন। মেলায় ‘বেবী হ্যান্ডিক্রাফটস’-এর স্বত্বাধিকারী রবিউল আওয়াল মাহিন নিজের তৈরি নানা ধরনের হস্তশিল্প ও কারুকার্য প্রদর্শন করেন।

জানা যায়, মেলার দ্বিতীয় দিনে শিউলী বেগমকে ফোন করে মেলায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন মাহিন। তাঁর ইচ্ছা ছিল, মানুষের কাছে হাত না পেতে কিংবা কোনো অনৈতিক পন্থা অবলম্বন না করে নিজের হাতে তৈরি পণ্য বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করা। তাঁর এই আত্মনির্ভরশীল হওয়ার আকাঙ্ক্ষা ও ইতিবাচক মানসিকতায় অনুপ্রাণিত হন শিউলী বেগম।

এরপর মানবিক দায়িত্ববোধ থেকে নিজের অর্থায়নে মাহিনকে বিনা ভাড়ায় একটি স্টল বরাদ্দ দেন তিনি। এমনকি স্টলের জন্য কোনো বিদ্যুৎ বিলও নেওয়া হয়নি। মেলায় অংশগ্রহণ থেকে শুরু করে সার্বিকভাবে তাঁকে সহযোগিতার চেষ্টা করেন আয়োজক শিউলী বেগম। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁর থাকার জন্য সরকারি ডাকবাংলোয় ব্যবস্থা করে দেন। মেলার আয়োজকদের পক্ষ থেকে তাঁকে দেওয়া হয় সম্মাননাপত্রও।

মেলায় মাহিনের অংশগ্রহণ শুধু একটি স্টল বরাদ্দের ঘটনা নয়; বরং এটি তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থান, আত্মমর্যাদা ও স্বাবলম্বী হওয়ার সম্ভাবনাকে সামনে নিয়ে এসেছে। সমাজের অবহেলা ও প্রচলিত নেতিবাচক ধারণা পেছনে ফেলে সুযোগ ও সহযোগিতা পেলে তাঁরাও নিজেদের যোগ্যতায় এগিয়ে যেতে পারেন—এমন বার্তাই দিয়েছে এই উদ্যোগ।

একজন মানুষের পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নকে সম্মান জানিয়ে শিউলী বেগমের এই সহযোগিতা মেলায় অংশ নেওয়া দর্শনার্থীদের কাছেও মানবিকতার এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

পড়ুন : জাজিরায় আ.লীগ–বিএনপি সংঘর্ষে প্রাণ গেল যুবলীগ কর্মীর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন