অবশেষে সৈয়দপুর রেলওয়ে কারখানার নতুন বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) হিসেবে যোগদান করেছেন সাইফুল ইসলাম। অন্যদিকে, দীর্ঘদিন দায়িত্ব পালনের পর কারখানা থেকে বিদায় নিয়েছেন বিদায়ী বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদ। তাঁর বিদায় এবং নতুন কর্মকর্তার দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে কারখানায় আয়োজন করা হয় বিদায় ও বরণ অনুষ্ঠান।
জানা যায়, বদলির আদেশ পাওয়ার পরও নতুন কর্মকর্তা যোগদান না করা পর্যন্ত দায়িত্ব পালন অব্যাহত রাখেন শাহ সুফি নূর মোহাম্মদ। কারখানার নিয়মিত কার্যক্রম সচল রাখা এবং দায়িত্ব পালনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন সহকর্মীরা। বিদায় অনুষ্ঠানে তাঁর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী (ডিইই) খাইরুল ইসলাম, উৎপাদন প্রকৌশলী (পিই) ও অতিরিক্ত দায়িত্বে থাকা কর্মব্যবস্থাপক (ডব্লিউএম) জাহিদ হাসান, জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক মোহাম্মদ মারুফসহ কারখানার বিভিন্ন শাখার কর্মকর্তা, প্রকৌশলী ও কর্মচারীরা। তাঁরা বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন বিভাগীয় তত্ত্বাবধায়ককে স্বাগত জানান।
বক্তারা বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানার উৎপাদন কার্যক্রম সচল রাখা, কর্মপরিবেশ বজায় রাখা এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালনের ক্ষেত্রে শাহ সুফি নূর মোহাম্মদের ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মনিষ্ঠা ও আন্তরিকতার কথা সহকর্মীরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অন্যদিকে, নতুন বিভাগীয় তত্ত্বাবধায়ক সাইফুল ইসলামের যোগদানের মধ্য দিয়ে কারখানার কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করছেন কর্মকর্তা-কর্মচারীরা। ঐতিহ্যবাহী এই রেলওয়ে কারখানার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার এবং সার্বিক উন্নয়নে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করবেন বলে আশা তাঁদের।
উল্লেখ্য, বিদায়ী বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নূর মোহাম্মদকে বাংলাদেশ রেলওয়ের রেলভবন, ঢাকায় পরিচালক (যান্ত্রিক) পদে পদায়ন করা হয়েছে।
পড়ুন : বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারার প্রতিবাদে গাইবান্ধায় যুবদলের মিছিল ও সমাবেশ


