কুড়িগ্রামে আইন ও বিধি অমান্য করে ধরলা নদীর কোলঘেঁষে বালুমহাল গড়ে তোলার অভিযোগ উঠেছে। ধরলা নদীর মূল প্রবাহের পাশে বালু উত্তোলনের জন্য বাঁধ নির্মাণ করে বালু মহাল গড়ে তুলছে ব্যবসায়ী মো. ফরহাদ হোসেন। এতে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি,মৌসুমে নদীভাঙনের ঝুঁকি বাড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ রয়েছে, বালু উত্তোলনের বাঁধ নির্মাণের নামে নদীতীরবর্তী ভূ-পৃষ্ঠ খনন করে সেই মাটি ট্রাক্টরের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। যা আইন ও বিধি লঙ্ঘন পরিপন্থী। এছাড়া হিন্দু ধর্মালম্বীদের পুজা অর্চনার জন্য প্রশাসনের আর্থিক সহযোগিতায় করা উচু বালুর ডিবি বিক্রি করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।এমন একাধিক বিধি অমান্য করে গড়ে তুলছে বালু মহাল।শুধু তাই নয় বালু মহালটি গড়ে উঠলে পানিপ্রবাহে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হবে।ফলে মৌসুমে নদীভাঙনে বসতভিটা ও স্থাপনা বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে সরকারের দৃষ্টি কামনা করছে এলাকাবাসী।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং সংশ্লিষ্ট বিধিমালায় নদী ও পরিবেশ সুরক্ষায় বিভিন্ন বিধিনিষেধ রয়েছে। আইন অনুযায়ী, সেতু, কালভার্ট, বাঁধ, সড়কসহ গুরুত্বপূর্ণ স্থাপনার এক কিলোমিটারের মধ্যে এবং নদীভাঙনের আশঙ্কা রয়েছে এমন স্থানে নির্ধারিত শর্ত ছাড়া ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা যায় না। একই সঙ্গে নদীর তীরবর্তী পরিবেশ ও পানিপ্রবাহের ক্ষতি হয় এমন কার্যক্রমের ওপরও বিধিনিষেধ রয়েছে।
এসব বিধিনিষেধের মধ্যে ধরলা সেতু,বাঁধ ও নদীর নির্দিষ্ট দুরত্বের মধ্যে বালুমহাল গড়ে না উঠায় আইন লঙ্ঘন করা হয়েছে। যা এলাকায় জনমনে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয়দের দাবী সেতু, বাঁধ ও নদীর এত কাছে বালু উত্তোলনের কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও তদারকির বিষয়টির উপর তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া উচিত।
এ বিষয়ে বালু ইজারাদার মো. ফরহাদ হোসেন বলেন, “সরকারি বিধি মোতাবেক এ জায়গা আমার। জমির খাজনা বাবদ অনেক টাকা দেওয়া হয়েছে। ১০ ফুট বাড়তি নিলে আরও বেশি বালু ভরাট করা যাবে। এতে লাভও হবে। তবে জায়গার সংকুলান না হওয়ায় সুবিধানুযায়ী সিঅ্যান্ডবি ঘাটের কিছু অংশ বালু মহালের অন্তর্গত হতে পারে।
স্থানীয় বাসিন্দা মো. আলমগীর হোসেন বলেন, “বালু উত্তোলনের কারণে গত বছর বন্যায় তীব্র পানি প্রবাহে প্রায় ৫০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। এ বছর যেভাবে কার্যক্রম চলছে, তাতে আরও বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করছি। সরকারের কাছে অনুরোধ, এলাকাবাসীর মাথা গোঁজার ঠাঁই রক্ষায় বালুমহালটি অন্যত্র সরিয়ে নেওয়া হোক।”
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের সহকারি প্রকৌশলী মোঃ মারুফ হোসেন বলেন,ধরলা তীরে ইজারাদার মোঃ ফরহাদ হোসেনের বালু মহাল নিয়ে একাধিক একাধিক অভিযোগ উঠেছে।নিয়ম বর্হিতভুত কোন কর্মকান্ড গ্রহণযোগ্য হবে না।আমরা উপজেলা নির্বাহী স্যারকে বিষয়টি অবগত করেছি।আশা করছি জনকল্যাণে সুষ্ঠু সমাধান হবে।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, “বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি। পাড়ের মানুষ যেন নদীভাঙনের মুখে না পড়েন, সে বিষয়টিও দেখা হচ্ছে। বাঁধ নির্মাণের নামে অবৈধ বালু উত্তোলন বন্ধে এখনই ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয়দের দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত সরেজমিন তদন্ত করে বালু উত্তোলনের বৈধতা, ইজারার সীমানা এবং পরিবেশগত প্রভাব যাচাই করতে হবে। একই সঙ্গে নদীভাঙন ও জনবসতি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
পড়ুন : মেহেরপুরে মাদকের টাকা না পেয়ে কোরআন শরিফ পোড়ানোর অভিযোগ


