সিরাজগঞ্জ শহরে অভিযান চালিয়ে একটি দোকান থেকে বিদেশি সিগারেট ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় দোকান মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরে উদ্ধার করা বিদেশি সিগারেট ও গাঁজা সেবনের সরঞ্জাম আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের মৌসুমি সিনেমা হলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে নিষিদ্ধ বিদেশি সিগারেট বিক্রির দায়ে দোকান মালিক মোঁ হাফিজুল শেখকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় দোকানটিতে তল্লাশি চালিয়ে গাঁজা সেবনের বিভিন্ন সরঞ্জামও পাওয়া যায়।
অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ মঞ্জুরুল ইসলাম ও ডিডিপি নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা। এছাড়া স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
অভিযান শেষে জব্দ করা বিদেশি সিগারেট ও গাঁজা সেবনের সরঞ্জাম জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
পড়ুন : ত্রিশালে আওয়ামী লীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে ৪ নেতা আটক


