প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগদানের জন্য আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। আজ সোমবার দিবাগত রাত ১টায় জেনেভার উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। চারদিনের সফর শেষে ২৫ জানুয়ারি তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানিয়েছেন।
আজাদ মজুমদার বলেন, এই সফরে প্রধান উপদেষ্টা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এর মধ্যে জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
তিনি জানান, সুইজারল্যান্ডর দাভোসে ২০-২৪ জানুয়ারি চারদিন ব্যাপী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন হবে। এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে এবার বাংলাদেশ বিষয়ক আলাদা সংলাপ হবে।
এ সম্মেলনে প্রথমবারের মতো বাংলাদেশ এই বিরল সুযোগ পেয়েছে। আন্তর্জাতিক ব্যবসায়ী নেতা ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আত্মবিশ্বাসী করতে প্রধান উপদেষ্টার এই সফর সহায়ক হবে বলে উল্লেখ করেন আবুল কালাম আজাদ।
আজাদ মজুমদার বলেন, প্রধান উপদেষ্টার সফরসঙ্গীর তালিকা ছোট হবে। তাঁর নিরাপত্তার জন্য যাদের দরকার, তারাই মূলত যাবেন। এর বাইরে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী তাঁর সঙ্গে যোগ দেবেন। এ ছাড়া ব্যবসায়ী প্রতিনিধি দল যাবে নিজ খরচে।
পড়ুন: প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক
দেখুন: ঐক্যবদ্ধভাবে দিতে না পারলে ঘোষণাপত্রের দরকার নেই : প্রধান উপদেষ্টা
এসএম/


