বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সাবেক ক্রিকেটার হান্নান সরকার। রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি দায়িত্ব ছাড়েন। গত বছর ১২ ফেব্রুয়ারি জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর সহকারী হিসেবে দায়িত্ব পান হান্নান সরকার।
২০২৬ সাল পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও এক বছরের মধ্যেই এই সিদ্ধান্ত নেন তিনি। জানা যায়, তিনি বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমের কাছে পদত্যাগপত্র জমা দেন।
বিসিবির সূত্র জানায়, হান্নান সরকারের পদত্যাগ ছিল এক মাসের নোটিশে। তিনি নিজেও নিশ্চিত করেছেন যে, তিনি বিসিবি থেকে পদত্যাগ করেছেন। তিনি ১ লাখ ২৫ হাজার টাকার বেতনে নিয়োগ পেয়েছিলেন, কিন্তু তিনি এ বেতন আকর্ষণীয় মনে করেননি। নির্বাচকের পদ থেকে বাদ পড়ার সম্ভাবনা এবং আর্থিক নিরাপত্তাহীনতার কারণে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

বিসিবির সূত্র আরও জানায়, হান্নান সরকার বলেন,
নির্বাচকের পদটি সম্মানজনক হলেও আর্থিকভাবে সচ্ছল থাকার মতো নয়। বেতন কম এবং চুক্তিভিত্তিক নিয়োগ, তাই এই ধরনের চাকরি আমার জন্য উপযুক্ত নয়। কোচিংয়ে ক্যারিয়ার গড়ার জন্য আমি আগ্রহী, বিশেষ করে মোহাম্মদ সালাউদ্দিন ভাইয়ের মতো আমাদের পথপ্রদর্শকের সহযোগিতায়। আশা করি, আমি একদিন জাতীয় দলের কোচ হতে পারব।
হান্নান বলেন, বিসিবিতে সম্মানজনক বেতন এবং স্থায়ী চাকরি পেলে তিনি কোচ হিসেবে দায়িত্ব নিতে চান।
পড়ুন:লিটন-সৌম্যদের রান না পাওয়ায় লজ্জার কিছু নেই : হান্নান সরকার |
দেখুন:প্রবাসী সরকার গঠন নিয়ে যা বলছে আ.লীগ ও ভারত
ইম/


