সারাদেশের সব অরক্ষিত রেলক্রসিং চিহ্নিত করে গেটম্যান নিয়োগ করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিজানুর রহমান রেলওয়ে সচিব, রেলওয়ে ইন্সপেক্টর, এলজিআরডি সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবকে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, বর্তমানে বাংলাদেশের প্রায় ২ হাজার ৬৬৮ লেভেল ক্রসিং আছে যার মধ্যে অধিকাংশ লেভেল ক্রসিংই অনিরাপদ এবং নাগরিকদের যথেষ্ট নিরাপত্তার অভাব রয়েছে। প্রতিবছর প্রায় ৫৬ জন মানুষ রেলওয়ে লেভেল ক্রসিং এর দুর্ঘটনার কারণে মারা যাচ্ছে এবং এই দুর্ঘটনার সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। কিন্তু কোন মন্ত্রণালয় এই সব দুর্ঘটনার দায় দায়িত্ব নিচ্ছে না।
নোটিশে আরও বলা হয়, এ বিষয়ে এখনও কোন প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বিবাদীদের এই নিষ্ক্রিয়তা আমাদের দেশের সংবিধানের অনুচ্ছেদ ৩২ এবং ৩৬ এর সরাসরি লঙ্ঘন। এ অবস্থায় বিবাদীদের অনুরোধ করা হচ্ছে যে, অরক্ষিত লেভেল ক্রসিং এর প্রকৃত সংখ্যা নির্ধারণ করে প্রতিটা জায়গায় অন্তত দুইজন গেটম্যান নিয়োগ দেয়া। সেই সঙ্গে লেভেল ক্রসিং এর দুই পাশে স্পীড বাম্প নির্মাণ করা। এছাড়া প্রতিবছর রেলওয়ে দুর্ঘটনার রিপোর্ট প্রকাশ্যে প্রচার করা।
এনএ/


