দেশের তরুণ প্রজন্ম দেশ গঠনে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজারের ইনানীতে প্রথমবারের মতো সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মেরিন ড্রাইভ রেইস-২০২৫ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সেনাপ্রধান বলেন, ‘দেশের তরুণ প্রজন্ম একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। তাই কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপন এবং সর্বস্তরে সুস্থতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে রাইড ফর গ্লোরি এই বার্তাকে ধারণ করতে হবে।’
ওয়াকার-উজ-জামান বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে দেশের তরুণ প্রজন্ম যেন একটি সুস্থ জাতি ও দেশ গঠনে ভূমিকা রাখে।’
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের বিচারকমণ্ডলী এই প্রতিযোগিতা আয়োজনে সার্বিক সহায়তা করেন।

এই প্রতিযোগিতায় প্রফেশনাল (১৩-৪৪ বছর) ১১০ কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে করপোরাল শিল্পী খাতুন ও মিজানুর রহমান। অ্যামেচার (১৩-৪৪ বছর) ৫৫ কিলোমিটার গ্রুপে নারী ও পুরুষদের মধ্যে সেরা হওয়ার গৌরব অর্জন করেন যথাক্রমে লরা তুররিনি ও সৈয়দ মুবিন।
এনএ/


