চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ১৫০ বস্তা সফট ড্রিংস ধ্বংস করা হয়।
আজ শনিবার (১৫ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, শিশু খাদ্য ও বেকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকি করা হয়।

এসময় অভিযানে কার্পাসডাংগা বাজারের মেসার্স কালাম স্টোরের স্বত্বাধিকারী মো. আবুল কালামকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৫ ধারা লঙ্ঘনের দায়ে ৭০,০০০ টাকা জরিমানা করা হয়। তার বিরুদ্ধে সফট ড্রিংসের উৎপাদন ও মেয়াদ সংক্রান্ত তথ্য না থাকা, ক্রয় সংক্রান্ত কাগজপত্রের অনুপস্থিতি এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে সরবরাহ না করার অভিযোগ ছিল।
অন্যদিকে, একই বাজারের মেসার্স গাউছিয়া ফুডের স্বত্বাধিকারী মো. হাফিজুর রহমানকে ৪৩ ধারা লঙ্ঘনের দায়ে ২০,০০০ টাকা জরিমানা করা হয়। তার বিরুদ্ধে অপরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য সংরক্ষণ এবং নিম্নমানের ফ্লেভার ব্যবহার করার অভিযোগ পাওয়া যায়। অভিযান চলাকালে ১৫০ বস্তা নিম্নমানের সফট ড্রিংস জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনায় ধ্বংস (পোড়ানো) করা হয়।

একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের পরিচ্ছন্ন পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণ, অনুমোদিত পানীয় ও শিশু খাদ্য ক্রয়-বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা শাখার সদস্য মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি বিশেষ দল।
ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এনএ/


