চুয়াডাঙ্গায় মোবাইল গেম খেলা নিয়ে বিরোধের জেরে ছেলের হাতে প্রাণ হারালেন এক বাবা। শনিবার রাত পৌনে আটটার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ায় নিজ বাড়িতে নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে নিহত হন তিনি।
নিহত দোদুল হোসেন (৫৩) চুয়াডাঙ্গার পলাশপাড়ার বাসিন্দা ও ইতালি প্রবাসী ছিলেন। এ ঘটনায় তার ছেলে রিফাতকে (১৭) আটক করেছে পুলিশ।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুজ্জামান খালেদুর রহমান জানান, দোদুল হোসেন তার ছেলেকে মোবাইল গেম খেলতে নিষেধ করেন এবং ফোন কেড়ে নেন।
এতে ক্ষিপ্ত হয়ে রিফাত বাবাকে নামাজের সময় পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তারেক জুনায়েত বলেন, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে বিস্তারিত তদন্ত চলছে।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পড়ুন: দূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযানে প্রায় ২০ কোটি টাকা জরিমানা, ৪৬২ ইটভাটা বন্ধ
দেখুন: নোয়াখালী সোনাইমুড়ী আনসার সদস্যের অভিযানে অ*স্ত্র উদ্ধার |
ইম/


