এতিম শিশুদের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করলেন রাঙামাটি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিব উল্লাহ। সোমবার (৩১ মার্চ) ঈদের দিন সকাল ৯টায় জেলা প্রশাসক ঈদের নামাজ আদায় করেই সপরিবারে চলে যান রাঙামাটি সরকারি শিশু পরিবারে। এ সময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সরকারি শিশু পরিবারে পৌঁছে তিনি সেখানে বসবাসরত ১৭০ জন এতিম ও অসহায় শিশুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে ঈদুল ফিতর উপলক্ষে ডিসি বাংলোতে তৈরি বিশেষ খাবার সকল শিশুদের মাঝে পরিবেশন করা হয়। এসময় তিনি শিশুদের লেখাপড়ার খোঁজখবর নেন এবং শিশুদের প্রতি যথাযথভাবে খেয়াল রাখতে তিনি সংশ্লিষ্টদেরকে দিকনির্দেশনা দেন।

এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিশু পরিবারের সকল এতিম ও অসহায় শিশুদের মাঝে তিনি ঈদের সেলামি উপহার দেন।
রাঙামাটির এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) ইমরান হোসেন ভুইয়া, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. ইয়াসিন খন্দকার, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শিব শংকর বসাক, রাঙামাটি সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়কসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


