সবকিছু ঠিক থাকলে আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় স্টেডিয়ামে। এশিয়ান কাপ বাছাইয়ের এই ম্যাচটি মাঠে গড়াবে ১০ জুন। যা দেশের মাটিতে হামজা চৌধুরীরর প্রথম ম্যাচ। লাল-সবুজের জার্সিতে ইংলিম প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের অভিষেক হয়েছে ভারতের বিপক্ষে, শিলংয়ের মাঠে।
ভারতের শিলংয়ে হামজার অভিষেক ম্যাচটি মাঠে বসে দেখতে পারেননি দেশের ফুটবলপ্রেমী মানুষেরা। তাই হোম ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছেন বাংলাদেশের সমর্থকরা। আর এই ম্যাচটি ঢাকার জাতীয় স্টেডিয়ামেই আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে।
২০২১ সালের আগস্ট মাসে শুরু হয় স্টেডিয়ামটির সংস্কার কাজ। এখনও পুরোপুরি শেষ হয়নি এখানকার কাজ। জাতীয় ক্রীড়া পরিষদ এখনও বাফুফেকে আনুষ্ঠানিকভাবে মাঠ বুঝিয়ে দেয়নি। যে কারণে জুনে বাংলাদেশের ম্যাচটি এই মাঠে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে ছিলো শঙ্কা। তবে যুব ও ক্রীড়া উপদেষ্টা ১০ জুন বাংলাদেশের ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে আয়োজনে কোনও বাধা দেখছেন না।
‘কাজ অলমোস্ট শেষ। আমার তাবিথ ভাইয়ের (বাফুফে সভাপতি) সাথে কথা হয়েছে। বাফুফে মাঠের ঘাসের আরো একটু কাজ করবে। আমাদের লাইটিং ও অন্যান্য কাজও শেষের দিকে। আমাকে জানানো হয়েছে এক মাসের মধ্যে মাঠ রেডি হয়ে যাবে। খেলা আয়োজনে সমস্যা দেখছি না।’
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে রোববার (৬ মার্চ) জাতীয় স্টেডিয়ামে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি ও গর্ভমেন্ট রিলেশন্স কমিটির চেয়ারম্যান ওয়াহিদউদ্দিন চৌধুরি হ্যাপি এবং বাফুফে’র সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তারাও এই বিষয়টি নিয়ে মন্ত্রণালয়-এনএসসির সঙ্গে আলোচনা করেছেন।
বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন, ‘আমরা আগামীকাল থেকে মাঠের কাজ শুরু করতে চাই। আগামী এক দেড় মাসের মধ্যে এখানে অন্য কাউকে মাঠ বরাদ্দ না দেয়ারও অনুরোধ জানানো হয়েছে। আশা করি মাঠ ও কিছু কাজ আমরা নির্ধারিত সময়ের মধ্যে করতে পারব।’
পড়ুন : মাঠজুড়ে হামজার বিচরণ, ভারত থেকে ড্র নিয়েই ফিরতে হচ্ছে বাংলাদেশকে


