নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যে কারণে বাছাই পর্ব খেলতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতির দলকে। বাছাই পর্বের ম্যাচ খেলতে বর্তমানে পাকিস্তানে আছে টাইগ্রেসরা। বাছাই পর্ব শুরুর আগে স্কটল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে জ্যোতিরা। ম্যাচটিতে ৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
এদিন আগে ব্যাট করা স্কটল্যান্ড ২৫১ রান সংগ্রহ করে। জবাবে সোবহানা মোস্তারির অর্ধশতকে ভর করে ৫১ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয় পায় টাইগ্রেসরা।
লাহোর সিটি কমপ্লেক্স মাঠে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডের তিন ব্যাটার অর্ধশতক হাঁকান। সারাহ ব্রেইস ৫৮, ডার্সি কার্টার ৫৫ এবং ক্যাথেরিন ফ্রেজার ৫২ রান করেন।
এর পাশাপাশি ক্যাথেরিন ব্রেইস খেলেন ৩১ রানের ইনিংস। বাংলাদেশের পক্ষে ২টি উইকেট নেন ঋতু মনি। মারুফা আক্তার নেন ১ উইকেট।
বাংলাদেশকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয় সোবহানা মোস্তারির ৫৭ রানের অপরাজিত ইনিংস। ৪৮ রান করেন ফারজানা হক। ঋতু মনি ৩৪ এবং ইশমা তানজিম ২৬ রান করে দলের জয়ে অবদান রাখেন।
বাছাই পর্বে বাংলাদেশ প্রথম ম্যাচটি খেলবে থাইল্যান্ডের বিপক্ষে। আগামী ১০ এপ্রিল ম্যাচটি মাঠে গড়াবে। তার আগে ৮ এপ্রিল আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা টাইগ্রেসদের।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

