ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের পরিপ্রেক্ষিতে নতুন করে এমসিকিউ পরীক্ষা আয়োজনের আগ্রহ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার (১৩ এপ্রিল) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইনজীবী মো. শিশির মনির। তিনি জানান, আজ হাইকোর্টে রিটের ওপর শুনানি হতে পারে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন করে পরীক্ষা নেওয়ার বিষয়ে ইতোমধ্যে সিদ্ধান্তে পৌঁছেছে।
জানা গেছে, বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য তালিকার ১৪৬ নম্বরে রয়েছে।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। তবে পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ভুল থাকায় সুষ্ঠু মূল্যায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এক পরীক্ষার্থী।
পরে ২০ ফেব্রুয়ারি তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পরীক্ষাটি বাতিল করে পুনরায় নেওয়ার আবেদন করেন। কর্তৃপক্ষ আবেদনটি আমলে না নেওয়ায় ওই শিক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন।
রিট আবেদনে প্রশ্নপত্রে ভুলের কারণে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ফল প্রকাশসহ সব কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানানো হয়। শুনানি শেষে ১৯ মার্চ বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ রুল জারি করেন এবং পরীক্ষার ফল প্রকাশে স্থগিতাদেশ দেন।
বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন করে এমসিকিউ পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে, যাতে নিরপেক্ষ ও সুষ্ঠু মূল্যায়ন নিশ্চিত করা যায়।
পড়ুন: ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২
দেখুন: প্রেম করায় তরুণ-তরুণীকে মে-রে কুমির ভর্তি নদীতে ফেলে দিল পরিবার! |
ইম/


