ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় উড়ে গেলো বাসের ছাদ, যাত্রীদের বাঁচাও বাঁচাও চিৎকার নিয়েই বাস গেলো ৫ কিলোমিটার। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের সমষপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হন অন্তত ৮ যাত্রী।
প্রথমে মাইক্রোবাস তার ২ মিনিট পর অপর একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় বরিশাল এক্সপ্রেস লিমিটেডের বরিশালগামী একটি যাত্রীবাহী বাসের ছাদ ভেঙে উড়ে পড়ে এক্সপ্রেসওয়েতে। যাত্রীরা ভয়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও চালক বাস না থামিয়ে আহত যাত্রীদের নিয়ে ছাদবিহীন বাস চালিয়ে চলে যায় ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার দুরত্বের লৌহজংয়ের কুমারভোগ এলাকায় আভ্যন্তরীন সড়কে। অতঃপর আহত যাত্রীদের ” চিৎকার ” শুনে ছাদবিহীন বাসটি আটক করে জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা।

আহত বাস যাত্রীরা জানান, বরিশালের উদ্দেশে ঢাকার সায়েদাবাদ থেকে সাড়ে ৮টার দিকে ছেড়ে আসলে ঘণ্টাখানেকের পর ঢাকা মাওয়া সড়কে উঠলে চালক বেপরোয়া গতিতে চালানো শুরু করে। প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এর ২ মিনিট পর কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে হয় বাসের ছাদ বডি থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায়। যাত্রীরা চালককে থামাতে অনুরোধ করলেও সে তা উপেক্ষা করে। চালক দুর্ঘটনাস্থলের অদূরে হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ী দেখে ছাদবিহীন চলন্ত বাস চালিয়ে ৫ কিলোমিটার দূরের পদ্মা সেতু উত্তর থানার লৌহজংয়ের কুমারভোগ এলাকায় চলে আসে। এ সময় আহত যাত্রীদের ” বাঁচাও বাঁচাও চিৎকার ” শুনে ছাদবিহীন বাসটি আটক করে জনতা।
পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানা, হাইওয়ে পুলিশ ও শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা। আহত যাত্রীদের উদ্ধার করে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে গুরুতর আহত শাহিন নামের এক যাত্রীকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তিনি জানান, চালক ও হেলপার পালিয়ে গেছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ক্ষতিগ্রস্ত বাসটি রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
পড়ুন : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই গাড়ির সংঘর্ষে নিহত ১


