০২/০৩/২০২৬, ১:১৩ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মঞ্চে এলো ‘আত্মজয়’

আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়াতে শূন্যন রেপার্টরি থিয়েটারে মঞ্চায়ন করেছে নাটকের ‘আত্মজয়’। ২৩ এপ্রিল বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হয়।

সাম্প্রতিক সময়ে তরুণদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে। সামাজিক চাপ, সম্পর্কের টানাপোড়েন, শিক্ষা ও পেশাগত ব্যর্থতা, আর্থিক সংকট এবং পারিবারিক মতানৈক্য এসব কারণে মানসিক চাপকে তীব্রতর করে। একে অপরের পাশে দাঁড়িয়ে মানসিক সহায়তার মাধ্যমে আত্মহত্যার প্রবণতা রোধ করা সম্ভব। এমন বার্তা নিয়ে মোমেনা চৌধুরী লিখেছেন নাটক ‘আত্মজয়’। এটি নির্দেশনা দিয়েছেন শামীম সাগর।

বিজ্ঞাপন


মোমেনা চৌধুরী বলেন, দীর্ঘদিনের মঞ্চসঙ্গ আমাকে শিখিয়েছে, নাটক শুধু গল্প বলা নয়, এটি দর্শকের সঙ্গে সংলাপ, সামাজিক বাস্তবতাকে নতুন করে দেখা এবং পরিবর্তনের আহ্বান। লেখালেখির সঙ্গে আমার সম্পর্ক নতুন নয়। তবে নাট্য রচনার পথে এগিয়ে চলার সাহস পেয়েছি নাট্যকার মান্নান হীরার অনুপ্রেরণায়। আমি সবসময় সমাজের সমসাময়িক ও জরুরি বিষয়গুলো নিয়ে কাজ করতে পছন্দ করি। সামাজিক ও পারিবারিক অসুস্থ প্রতিযোগিতায় অনেকেই একাকিত্বে নিমজ্জিত হচ্ছে, হারিয়ে ফেলছে বেঁচে থাকার ইচ্ছা। আমরা কি সত্যিই কিছু করতে পারি না? এ প্রশ্নের উত্তর খুঁজতেই আত্মজয় রচনার প্রয়াস।


নির্দেশক শামীম সাগর বলেন, ‘আত্মহত্যার প্রবণতা একটি জটিল সামাজিক ও মানসিক বিষয়, যা বিভিন্ন সমাজ ও দর্শনে ভিন্নভাবে বিবেচিত হয়েছে। আধুনিক মনোবিজ্ঞানের মতে, এটি একটি সাময়িক সংকট, যা প্রতিরোধযোগ্য। সাংস্কৃতিক মাধ্যমে সচেতনতা তৈরি করে আমরা এ ধরনের সংকট মোকাবিলার পথ দেখাতে পারি এবং সেই চেষ্টা রয়েছে আত্মজয় নাটকে।’

নাটকটিতে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, তাহমিনা সুলতানা মৌ, মুনিরা অবনী, রাফিউল রকি ও তানভীর সানি। আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনায় প্রাণ রায় এবং সংগীত পরিকল্পনায় নির্ঝর চৌধুরী।

পড়ুন : http://“প্রেম ও দ্রোহ” শিরোনামে বিপ্লব আদিত্য’র একক আবৃত্তি সন্ধ্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন