25.3 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২২:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮ শতাধিক

ইরানের দক্ষিণাঞ্চলীয় নগরী বন্দর আব্বাসে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণে সৃষ্ট আগুন এখন পর্যন্ত নেভাতে সক্ষম হননি দমকলকর্মীরা। এদিকে এ ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। আর আহত হয়েছেন ৮০০ জনেরও বেশি মানুষ।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৬ এপ্রিল) রাজধানী তেহরান থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণে ইরানের শাহিদ রাজায়ী বন্দরে ঘটে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড। মুহূর্তেই ধোঁয়া ও ছাইয়ে ছেয়ে যায় গোটা এলাকা। বিস্ফোরণের পর হেলিকপ্টার দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। বিস্ফোরণের ধাক্কায় সেখানে উপস্থিত অনেকেই এদিক-ওদিক ছিটকে পড়ে যায়।

বন্দরের কাছে আহতদের উদ্ধার করে স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখা গেছে উদ্ধারকর্মীদের। ইরানের রেড ক্রিসেন্ট সদস্যরাও উদ্ধার কাজে অংশ নেন। দমকল বিমানে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়।

ইরানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনার কর্মকর্তারা জানান, এ ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫০ জনের বেশি মানুষ। বিস্ফোরণের কারণ নিয়ে কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি তেহরান। তবে প্রশাসনের দাবি, এ বিস্ফোরণের সঙ্গে তেল শিল্পের কোনো যোগসূত্র নেই।

ইরানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফরি শহীদ রাজায়ী বন্দরে বিস্ফোরণের জন্য রাসায়নিকের দুর্বল মজুতকে দায়ী করেছেন। ইরানের আইএলএনএ সংবাদ সংস্থাকে তিনি বলেন,পাত্রের ভেতরে থাকা রাসায়নিকই ছিল বিস্ফোরণের কারণ।

বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান অ্যামব্রের তথ্য অনুযায়ী, মার্চ মাসে চীন থেকে শাহিদ রাজায়ী বন্দরে সোডিয়াম পারক্লোরেট রকেট ফুয়েল নামের একটি রাসায়নিক পদার্থের চালান এসেছিল।

শনিবার রাতেই ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, বন্দর এলাকায় বিপজ্জনক রাসায়নিক ও পণ্যের মজুতের কারণেই বিস্ফোরণ ঘটে বলে দাবি করেছে দেশটির কাস্টমস প্রশাসন। তবে বিস্তারিত কিছু জানায়নি তারা।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫, আহত পাঁচ শতাধিক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন