জয়পুরহাটে ইটভাটার গরম ধোঁয়ায় ফসলি মাঠের প্রায় ১২০ বিঘা জমির বোরো ধান খেত ক্ষতিগ্রস্থ হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা। এঘটনায় ক্ষুব্ধ কৃষকেরা ক্ষতিপূরণের দাবিতে জয়পুরহাট-পাঁচবিবি সড়ক অবরোধ করে রাখেন। সড়ক অবরোধ করায় প্রায় আধা ঘন্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। রোববার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে পুরানাপৈল রেলগেট সংলগ্নে এ ঘটনা ঘটে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পুরানাপৈল রেলগেট এলাকায় ফসলি মাঠে আরএনবি ইটভাটা রয়েছে। গত ২৫ এপ্রিল ওই ইটাভার গরম ধোঁয়া ছাড়া হয়। এরপর একে-একে মাঠের বোরো ধান খেত ধুসর রঙ ধারণ করতে থাকে। ইটভাটার গরম ধোঁয়া ছাড়ার কারণে এমনটা হয়েছে বলে কৃষকেরা জানতে পারেন। তারা স্থানীয় ইউপির প্যানেল চেয়ারম্যানকে ঘটনাটি জানান। আজ বিকেল সাড়ে ৪টায় ক্ষতিগ্রস্থ কৃষকেরা পুরানাপৈল রেলগেট এলাকায় জড়ো হন। তারা বিকেল ৫টায় ক্ষতিপূরণের দাবিতে জয়পুরহাট-পাঁচবিবি সড়ক বসে পড়েন। এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও পুরানাপৈল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘটনাস্থলে ছুটে আসে। এরপর সদর উপজেলার ইউএনও, পরিবেশশ অধিদপ্তরের সহকারী পরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তা সেখানে আসেন। ইউএনও মোঃ রাশেদুল ইসলামের আশ্বাসের প্রেক্ষিতে কৃষকেরা সড়ক ছেড়ে দেন। এরপর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কৃষক মিরাজুল, আজাদুল ও একরামুল বলেন, লেবু হাজির ইটভাটার গরম ধোঁয়া ছেড়ে দিয়েছে। গরম ধোঁয়ায় মাঠে প্রায় সব ধান খেত নষ্ট হয়েছে। আমরা ক্ষতি পূরণের দাবিতে সড়ক অবরোধ করেছি। ইউএনও স্যার আমাদের আশ্বাসের প্রেক্ষিতে আমরা অবরোধ তুলে নিয়েছি।
পুরানাপৈল ইউনিয়ন পরিষদের প্যানেল আরমান আলী হিরো বলেন, ইটভাটার গরম ধোয়ায় মাঠের ধান খেত নষ্ট হয়েছে। কৃষকেরা আমার কাছে প্রাথমিকভাবে ২৫ একর বোরো ধান খেত ও এক একর কলার বাগানের ক্ষতি হওয়ার লিখিত অভিযোগ দিয়েছেন। তবে ক্ষতির পরিমাণ আরও বেড়েছে।
জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান বলেন, আমরা মাঠের ধান খেত পরির্দশন করেছি। ইটভাটার গরম ধোঁয়ায় বোরো ধান খেতের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। তবে ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। আগামীকাল সোমবার কৃষকদের ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ শুরু করা হবে।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম বলেন, ধান খেত ক্ষতিগ্রস্থ হওয়ার ঘটনায় তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা ও ক্ষতির কারণ নির্ণয় করবে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে ইটভাটার মালিক বেলায়েত হোসেন লেবুর মুঠোফোনে কল করলে তিনি কল রিসিভ করেননি।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিক বলেন, ইটভাটার বিষাক্ত গরম ধোঁয়ায় ধান খেতের ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকেরা ক্ষতিপূরণ চেয়ে কিছু সময় সড়ক অবরোধ করেছিলেন।
পড়ুন : জয়পুরহাটে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে মানববন্ধন


