জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার সাথে জড়িত ২৫৯ জন ছাত্রলীগ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার ও ৯ জন শিক্ষককে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (২৭ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জন সংযোগ কার্যালয়ের পরিচালক ড মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংসাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৪ জুলাই ২০২৪ তারিখ রাত ১১টা থেকে দিবাগত রাত ৩টা পর্যন্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে, ১৫ জুলাই ২০২৪ তারিখ সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে, একই দিন দিবাগত রাত ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা, ছররা গুলি বর্ষণ এবং ১৭ জুলাই ২০২৪ তারিখ বেলা ৩টায় প্রশাসনিক ভবনের সম্মুখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে ০৯ জন শিক্ষক, ০২ জন কর্মকর্তা ও ০১ জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এছাড়াও ১০ জন শিক্ষকের বিরুদ্ধে বিধি মোতাবেক আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একইসাথে ১৭ জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় উপস্থিত সিন্ডিকেট সদস্যদের বিরুদ্ধে গণঅভ্যূত্থান চলাকালীন চরম নিরাপত্তাহীন অবস্থায় প্রাণের ঝুঁকি থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের আবাসিক হল খালি করার সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কার দায় কতোটুকু, তা যাচাই করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিন্ডিকেট সভায় ২৫৯ জন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় হতে সাময়িক বহিস্কার করে অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য গত ১৭ মার্চ থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের বহিষ্কারাদেশ কার্যকর হিসেবে গণ্য করা হবে।
পড়ুন: ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের প্রতি আপত্তিকর শব্দ, প্রতিবাদে জাবিতে মানববন্ধন
দেখুন: পোষ্য কোটা ইস্যুতে দুই পক্ষের বিক্ষোভে উত্তাল জাবি |
ইম/


