জয়পুরহাটে জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ও আহতদের সম্মানে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় জেলা গণতান্ত্রিক ছাত্র সংসদের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এই সভা হয়।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কলেজের ছাত্র রাহিসুল ইসলামের নেতৃত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলম, সাইফুল ইসলাম, সাব্বির আহমেদ, মারুফ হোসেন প্রান্ত, যুগ্ম সদস্য সচিব মেহেদী হাসান, সংগঠক আবু ওবাইদা, জেলা নাগরিক পার্টির সংগঠক ইঞ্জিনিয়ার গোলাম কবির, আশরাফুল ইসলাম, ওমর আলী বাবু, বোরহান উদ্দিন, ওয়ারিয়র্স অফ জুলাই-এর আহ্বায়ক রাকিবুল ইসলাম রকি, সদস্য সচিব রাশেদুল ইসলাম এবং মুখপাত্র ইরাদ হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা যদি অপরিবর্তিত থাকে, তবে জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যাবে। হাজারো প্রাণের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। নতুন বাংলাদেশ গড়তে পুরনো রাজনৈতিক কাঠামো ভেঙে তরুণদের এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, অতীতেও বাংলাদেশের বড় বড় পরিবর্তন এসেছে ছাত্র সমাজের হাত ধরে, ভবিষ্যতেও তাই হবে।
বক্তারা সতর্ক করে বলেন, বর্তমানে কিছু রাজনৈতিক দল পূর্ববর্তী ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা করছে, যা কোনোভাবেই সফল হতে দেওয়া হবে না।
অনুষ্ঠান শেষে জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী ও আহতদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পড়ুন: জয়পুরহাটে স্কুলছাত্র কাফি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি
ইম/


