বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন কর্তৃক দুই দফা দাবী আদায়ের লক্ষ্যে বরগুনায় কর্মবিরতি পালন করেছে কর্মচারীরা। সোমবার (০৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের মুল ফটকে ঘন্টা ব্যাপী কর্মবিরতি পালন করে তারা।
কর্মবিরতি পালন কালে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের বরগুনা জেলা শাখার সভাপতি মোঃ আকতার হোসেন জানান, ২০১৮ সাল থেকে অধস্তন আদালতের কর্মচারীগণের বৈষম্য নিরসনসহ দুই দফা দাবী তথা-বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন পৃথক সচিবালয়, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান’সহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের লক্ষ্যে তারা নানা কর্মসূচি করে আসছে।
তিনি আরও বলেন, এর আগে তারা রেজিস্ট্রার, প্রধান বিচারপতি ও আইন উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন। এবিষয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একাধিকবার আলোচনা করা হয়েছে। আলোচনায় দাবী বাস্তবায়নে আশ্বাস প্রদান করা হলেও অদ্যবধি দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত না হওয়ায় কর্মবিরতি পালন করছে তারা। দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচী চালিয়ে যাবে বলেও জানান তারা।
কর্মবিরতি পালনকালে বরগুনা জেলা ও দায়রা জজ কোর্টের সকল কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

