মুন্সিগঞ্জ লঞ্চঘাটে একটি পিকনিক লঞ্চে যাত্রাবিরতির সময় লঞ্চে ভ্রমণে আসা দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। ওই ঘটনায় অভিযুক্ত যুবক নেহালকে আটক করেছে পুলিশ।
এদিকে লঞ্চের সামনের অংশে প্রকাশ্য তরুণীদের বেধড়ক মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায় মুন্সিগঞ্জ শহরের নেহাল নামের এক যুবক লঞ্চের একেবারে সামনে দুই তরুনীকে বেল্ট দিয়ে প্রকাশ্যে পেটাচ্ছে। এ সময় শত শত উৎসুক মানুষ লঞ্চঘাটে দাঁড়িয়ে সেই ঘটনার ভিডিও ধারণ করছে।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চঘাটে ঢাকাগামী এমভি ক্যাপ্টেন নামক লঞ্চে ওই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চাঁদপুরের মোহনপুরে যাচ্ছিলো এমভি ক্যাপ্টেন নামের লঞ্চটি। এ সময় লঞ্চটিতে তিন শতাধিক লোক ছিলো। যার মধ্যে একদল তরুণ-তরুণী পার্টি করছিল। রাত ৮টার দিকে লঞ্চটি মুন্সীগঞ্জ লঞ্চঘাটে যাত্রাবিরতির জন্য নোঙর করে।
এ সময় তরুন-তরুণীদের মাদক ও অশ্লীলতার অভিযোগে লঞ্চে উঠে তিন তলার কয়েকটি কক্ষে তরুণ-তরুণীদের আটক করে স্থানীয়রা। স্থানীয় জনতা ভাঙচুর করে লঞ্চের কিছু জানালা। এ সময় মারধর করা হয় দুই তরুণীসহ বেশ কয়েকজনকে। তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তারা ঢাকার কামরাঙ্গীরচর থেকে এসেছেন বলে জানা গেছে।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং পুলিশ প্রহরায় ছেড়ে যায় লঞ্চটি।
এদিকে, দুই তরুণীকে মারধর করা জনতার মধ্যে একজন নেহাল আহমেদ জিহাদ বলেন, শত শত মানুষ ছিল। আমি যদি কয়েকটি বাড়ি দিয়ে সবাইকে শান্ত না করতাম হয়তো মেয়েগুলোর সঙ্গে আরও খারাপ আচরণ হতো। তাদের কয়েকটি মোবাইলও নিয়ে গিয়েছিল সেগুলো আমি উদ্ধার করেছি। তাদের দুজনকে মারা আমার ঠিক হয়নি, তবে পরিস্থিতি শান্ত করতেই ভাই হিসেবে কাজ করছি। এর জন্য দুঃখ প্রকাশ করছি।
এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, এ ঘটনায় অভিযুক্ত নেহাল নামের এক যুবককে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, হট্টগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এখন পর্যন্ত কোনও পক্ষই অভিযোগ করেনি। তবে কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশের পক্ষ থেকে জিডি করে তদন্ত করা হচ্ছে।
পড়ুন: বন্দরে কিশোর সোহান হত্যা: মুন্সিগঞ্জ থেকে প্রধান আসামি আটক
দেখুন: মুন্সিগঞ্জ হলো ধানের শীষের মেলা: রিজভী
এস


