সেন্টমার্টিনে সপ্তাহ ব্যাপী জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশগত উন্নয়ন, ত্রাণ বিতরণ ও বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদানসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম গ্রহণ করেছে কোস্ট গার্ড।
আজ রবিবার (১১ মে) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
হারুন-অর-রশীদ বলেন, সেন্টমার্টিনের উপকূলীয় ও দ্বীপাঞ্চলবাসীর সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন। শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংস্থাটি।
তিনি বলেন, এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে কোস্ট গার্ড পূর্ব জোনের বিভিন্ন স্টেশন ও আউটপোস্টের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানসহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, ১১ মে থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় বিসিজি স্টেশন সেন্টমার্টিনের উদ্যোগে দ্বীপের স্থানীয় বাসিন্দা, ছাত্র ও কর্মজীবীদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা কর্মসূচি, অগ্নি নির্বাপণ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের পাশাপাশি প্রায় দেড় শতাধিক দ্বীপবাসী অংশগ্রহণ করে। বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
এনএ/


