ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডি আর কঙ্গো) পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ১০০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। দেশটির দক্ষিণ কিভু প্রদেশের ফিজি এলাকার কাসাবা গ্রামে এই বন্যা সংঘটিত হয়। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, টাঙ্গানইকা হ্রদের তীরবর্তী দুর্গম এই এলাকায় ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার কারণে কাসাবা নদীর পানি উপচে পড়ে বন্যা দেখা দেয়।
ফিজি এলাকার প্রশাসক সামি কালোদজি শনিবার রাতে জানান, দুর্গত অঞ্চল থেকে পাওয়া প্রাথমিক খবরে ‘১০০ জনের বেশি মৃত্যুর’ তথ্য উঠে এসেছে। যদিও এখন পর্যন্ত সরকারিভাবে ৬২ জনের মৃত্যুর ও ৩০ জন আহত হওয়ার কথা নিশ্চিত করেছেন দক্ষিণ কিভু প্রাদেশিক সরকারের মুখপাত্র দিদিয়ে লুগানিয়া।
বন্যা বৃহস্পতিবার রাত ও শুক্রবারের মাঝামাঝি সময়ে শুরু হয়। টানা প্রবল বর্ষণের ফলে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে গ্রামাঞ্চল প্লাবিত হয়। তীব্র স্রোতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও অনেকে।
স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্গত কাসাবা এলাকায় পৌঁছাতে টাঙ্গানইকা হ্রদ পার হতে হয় এবং সেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। ফলে জরুরি ত্রাণ ও সহায়তা কার্যক্রম পরিচালনায় ব্যাঘাত ঘটছে।
এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ এমন সময়ে ঘটল, যখন পূর্ব কঙ্গোতে রুয়ান্ডা-সমর্থিত এম২৩ বিদ্রোহীদের হামলায় অঞ্চলটি আগেই অস্থিরতা ও সহিংসতায় জর্জরিত। যদিও কাসাবা গ্রাম বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলের অন্তর্ভুক্ত নয়, তবে চলমান সংকটে এই দুর্যোগ মানবিক বিপর্যয় আরও বাড়িয়ে দিয়েছে।
পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৪ ফিলিস্তিনি
দেখুন: গাজা অভিযান এখনই থামবে না: নেতানিয়াহু
ইম/


